ক্ষমতাসীনদের হাতে ইউএনও লাঞ্ছিত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করেছেন যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
এ সময় তাঁরা মিলনায়তনের চেয়ার-টেবিল ও জানালা এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করছিলেন। ১৮-দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির সময় ব্যারিকেড সরিয়ে দিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিভিন্ন স্তরের সুধীজনের সঙ্গে শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা চলছিল। ইউএনও তবিবুর রহমান সভায় সভাপতিত্ব করছিলেন।
সভার শেষ পর্যায়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার, শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী উপজেলা পরিষদ মিলনায়তনে ঢুকে পড়েন। এ সময় তাঁরা সড়কে বিরোধী দলের নেতা-কর্মীদের সৃষ্ট প্রতিবন্ধকতা অপসারণ না করাকে কেন্দ্র করে ইউএনওর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা ইউএনওর ওপর হামলা করার চেষ্টা করলে অন্য কর্মকর্তারা তাঁকে পাশে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে নিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিলনায়তন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কয়েকটি জানালার কাচ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
মোশারফ হোসেন জানান, অবরোধের নামে বিরোধী দল সড়ক কেটে ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষকে ভোগান্তিতে ফেলেছে। ওই সব প্রতিবন্ধকতা অপসারণের জন্য বারবার বলা সত্ত্বেও ইউএনও কোনো পদক্ষেপ নেননি।
ইউএনও বলেন, তাদের অভিযোগ সত্য নয়। শ্যামনগরে অবরোধ হচ্ছে না বললেই চলে। প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশের সহযোগিতায় তা তুলে দেওয়া হচ্ছে।