ক্ষমতাসীনেরা নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না: জি এম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সঠিকভাবে হচ্ছে না । নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে। ভোটের নামে সহিংসতা হচ্ছে, খুনোখুনি হচ্ছে। জোর করে ভোটের বাক্স ছিনতাই করছে। ক্ষমতাসীনেরা নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না। সহিংসতার জন্য লোকজন ভোটকেন্দ্রে যেতে চান না।
‘মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আজ শুক্রবার দুপুরে এফডিসি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এর আয়োজন করেন ডিবেট ফর ডেমোক্রেসি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
অনুষ্ঠানে জি এম কাদের বলেন, দেশের লোকজন ভোটের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই ভোটের ব্যবস্থা ঠিক করতে হবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রচর্চার প্রবেশদ্বার। সঠিকভাবে নির্বাচন হলেই গণতন্ত্রচর্চা সম্ভব হবে। নির্বাচন সঠিকভাবে হলেই সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্রচর্চা হলেই সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছেন। ছাত্রদের জন্য হাফ ভাড়া আগেও ছিল। ছাত্রদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক, ছাত্রদের দাবি মেনে নেওয়া উচিত। তিনি বলেন, পরিবহনমালিক ও শ্রমিকেরা যেন দেশকে জিম্মি করে ফেলেছেন। সাধারণ যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছেন শ্রমিকেরা। অবস্থা দেখে মনে হচ্ছে, সরকারের যেন কিছুই করার নেই।
এ সময় জি এম কাদের বলেন, সড়কের চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি বলেন, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিতরণ স্থায়ী সমাধান নয়। আবার কোনো বিষয়ে দীর্ঘদিন ভর্তুকি দেওয়াও সঠিক নয়।
ছায়া সংসদে সরকারি দল হয়ে বিতর্কে অংশ নেয় ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।