ক্ষমতাসীনেরা বিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নিচ্ছে না ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যায়েই লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নেই বলে দাবি করেছেন ঢাকা মহানগরের বিভিন্ন আসনের বিরোধী ও স্বতন্ত্র প্রার্থীরা। তাঁরা বলছেন, প্রচারে নামলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় হামলা, মারধর ও হয়রানি করছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

গতকাল শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি আসনের প্রার্থীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আয়োজিত মতবিনিময়ে প্রার্থীরা এসব মন্তব্য করেন। ঢাকা-৪ থেকে ১৮ পর্যন্ত আসনগুলো মহানগরীর অন্তর্ভুক্ত। এসব আসনে এবার বিভিন্ন দলের ১৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ৯৩ জন এতে অংশ নেন। আর ৪১ জন প্রার্থী তাঁদের মতামত তুলে ধরেন।

সভায় বিরোধী প্রার্থীরা এ–ও বলেছেন, প্রতীক বরাদ্দের পর থেকে ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আচরণবিধির ন্যূনতম কার্যকারিতা যদি না থাকে, তাহলে আচরণবিধির ব্যাপারটাই তুলে দেওয়া ভালো বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা মহানগর এলাকার রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের পর এ পর্যন্ত প্রার্থীদের ২৩টি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে পাঠিয়েছি। সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগপত্র না দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলে ত্বরিত ব্যবস্থা নেওয়া যায়।’ মতবিনিময় সভায় আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) রকিব উদ্দিন মণ্ডল, ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার কে এম তরিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, বিজিবির ঢাকা-৮ ও ৯ আসন এলাকায় নিয়োজিত ক্যাম্পের কমান্ডার মেজর তারিক।

মতবিনিময়ে বিরোধী পক্ষের অভিযোগ আওয়ামী লীগ এবং তাদের জোটের প্রার্থীরা নাকচ করে দিয়েছেন। তাঁরা বলছেন, কেউ প্রচারে না নামলে কিছু করার নেই। বরং বিরোধী প্রার্থীরাই তাঁদের ওপর হামলা করছেন বলে পাল্টা অভিযোগ তুলেছেন।

মতবিনিময় অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের প্রার্থী এসেছিলেন শুধু একজন ঢাকা–১৫ আসনের কামাল আহমেদ মজুমদার। ক্ষমতাসীন দলের অন্য প্রার্থীরা তাঁদের প্রতিনিধি পাঠিয়েছেন। কামাল আহমেদ মজুমদার বলেন, যারা মানুষ হত্যা করেছে, যুদ্ধাপরাধ করেছে, তাদেরই একটি দল জামায়াতের সেক্রেটারি জেনারেলকে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা বহিরাগত ক্যাডার নিয়ে আসছে। সেখানে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন বানচালের চেষ্টা করছে।

 ঢাকা-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরী বলেন, আগামী ৩০ তারিখ সুষ্ঠু নির্বাচন হবে কি না, সে ব্যাপারে তিনি সন্দিহান। কারণ, হামলা হয়রানির বিষয়ে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না। নির্বাচন কমিশনের নির্দেশনা মাঠে মানা হচ্ছে না।

ঢাকা-৮–এ জাতীয় পার্টির প্রার্থী ইউনুছ আলী আকন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকে ভোট গণনায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

ঢাকা-১২ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেন, নির্বাচনে সবার সমান সুযোগ তৈরি না হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ও ভোটের অধিকার থাকছে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-৯ আসনের প্রার্থী সর্দার মো. মানিক মিয়া বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সে কারণে সেনাবাহিনীকে যেন ২৪ তারিখের আগেই মাঠে নামানো হয়। ঢাকা-৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী সুমন কুমার রায় বলেন, ‘আমি ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়েছি। অনেকে বলেছেন, তাঁরা নিরাপত্তা বোধ করছেন না।’

প্রার্থীদের উদ্দেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘আপনারা সহযোগিতা করলে পুলিশ ব্যর্থ হবে না। আপনারা যদি আমাদের হুমকি দিয়ে রাখেন, অপদস্থ করতেই থাকেন, তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারব না।’

জাতীয় নির্বাচনের জন্য বিজিবির সদর দপ্তরে পর্যাপ্ত ফোর্স আছে জানিয়ে মেজর তারিক বলেন, ‘ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসতে পারবেন। সেই নিরাপত্তা আমরা দেব।’

সভাপতির বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। আমরা শতভাগ সততা নিষ্ঠাবান হয়ে দায়িত্ব পালন করতে চাই। এ জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া কঠিন।’