প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির মুখপাত্র ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, যাঁদের তেল দেওয়ার অভ্যাস আছে, তাঁরা অপরকেও এ সন্দেহ করতে পারেন।‘খালেদা জিয়া তেল মারার জন্যই ভারত সফরে গিয়েছিলেন’—গত বৃহস্পতিবার যশোরের জনসভায় দেওয়া প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম এসব কথা বলেন।গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ‘অত্যন্ত কুরুচিপূর্ণ ও চূড়ান্ত পতনের আর্তচিৎকার’ বলে আখ্যা দেন তরিকুল ইসলাম। ভারত সফরে খালেদা জিয়া সমতার ভিত্তিতে টিপাইমুখ বাঁধ, তিস্তার পানি, ছিটমহল সমস্যা, অসম বাণিজ্য, বৃহত্তর যোগাযোগ (কানেক্টিভিটি) নিয়ে কথা বলেছেন দাবি করে বিএনপির মুখপাত্র তরিকুল বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়গুলো চেপে গেছেন। মনে হয়, উনি ছাড়া আর কেউ কিছু বোঝেন না।’ ভারত সফরে খালেদা জিয়ার অন্যতম সফরসঙ্গী ছিলেন তরিকুল ইসলাম। এর আগে সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদকে দেখতে যান তরিকুল। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরাই অতীতে তেল মারার রাজনীতি শুরু করেন। ক্ষমতায় থাকার জন্য এখনো তেল মারছেন, ভবিষ্যতেও মারবেন।’আওয়ামী লীগ কী, নতুন প্রজন্ম জানে না: সকালে জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় বিএনপির নেতা মওদুদ আহমদ বলেন, ‘নতুন প্রজন্ম জানে না, আওয়ামী লীগ কী। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। স্বাধীনতার আগে তারা সংগ্রাম করেছে ঠিক, কিন্তু স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েম করে তারা গণতন্ত্রকে হত্যা করেছে। সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে সংঘাতের পথ তৈরি করছে: সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা পেশাজীবী পরিষদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে খন্দকার মোশাররফ বলেন, সরকার গায়ের জোরে একদলীয় নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়। সে জন্য সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিয়ে রাজনীতিতে সংঘাত সৃষ্টির পথ করছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়।পৃথক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আইনি প্রক্রিয়ায় নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এক আত্মীয়র মাধ্যমে পাঁচ কোটি টাকা ঘুষের বিনিময়ে শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ছেড়ে দেওয়া হয়েছে।’ হূদয়ে বাংলাদেশ নামের একটি সংগঠন ফখরুল ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করে। একই সময়ে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ‘হয়রানি করার’ প্রতিবাদে জিয়া পরিষদ মানববন্ধন করে। এতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বক্তব্য দেন।