বিএনপি ক্ষমতায় গেলে এক-এগারোর সরকারের বিচার করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা এই ঘোষণা দেন। গণতন্ত্র হত্যা দিবস ও পৌর নির্বাচন সুষ্ঠু করার দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ক্ষমতাসীন মহাজোট সরকার ফখরুদ্দীন-মইনউদ্দিনের বিচার না করে এক-এগারোর অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে। কিন্তু দেশের মানুষ ফখরুদ্দীন-মইনউদ্দিনের বিচার চায়। বিএনপি ক্ষমতায় গেলে এক-এগারোর সরকারের বিচার হবে।’ তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এক-এগারোর সরকার ক্ষমতায় এসেছিল। তারা দুই নেত্রীকে মাইনাসের নামে মূলত খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে খন্দকার মোশাররফ বলেন, ‘অবৈধ তত্ত্বাবধায়ক সরকার আপনাকে টেনে-হিঁচড়ে গ্রেপ্তার করে অপমান করেছিল, তা আপনি ভুলে গেছেন। তারা আপনার বিরুদ্ধে ১১টি মামলা দিয়েছিল। ক্ষমতার বলে আপনি এসব মামলা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু খালেদা জিয়ার নামে করা তিনটি মামলা প্রত্যাহার করেননি।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘চার বছর আগে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। এটা ছিল দেশকে দুর্বল করার আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমরা আশঙ্কিত ছিলাম, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক ছিল কি না।’ তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বলেছিল, অবৈধ সরকারের শ্বেতপত্র প্রকাশ করবে। কিন্তু গত দুই বছরেও তারা কিছু করেনি। তিনি শ্বেতপত্র প্রকাশ ও অবৈধ সরকারের বিচার দাবি করে বলেন, ‘আপনারা বিচার করুন, আমরা সহযোগিতা করব। যদি না করেন, আমরা ক্ষমতায় গেলে তাদের বিচার অবশ্যই করব।’ সমাবেশ শেষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মাদ নাছিরউদ্দিন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান, সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।