বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভবিষ্যতে তাঁর দল ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ করবে। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যৌথভাবে শিক্ষক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে। সারা দেশ থেকে স্কুল ও কলেজের দুই হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এতে যোগ দেন।খালেদা জিয়া বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে শিক্ষকদের আমরা ব্যবহার করতে চাই না।’ তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষার মান ও নৈতিকতাকে কলুষিত করে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপি ক্ষমতালোভী দল নয়। দেশ ও মানুষকে এই জুলুমবাজ ও দুর্নীতিবাজ সরকারের হাত থেকে বাঁচাতে শিগগিরই আন্দোলন শুরু করা হবে। দেশের মানুষের জন্য অতীতেও বিএনপি আন্দোলন করেছে, ভবিষ্যতেও করবে।