বিএনপি ক্ষমতায় গেলে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেছেন। তিনি অভিযোগ করেন, শেয়ারবাজার থেকে সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা ৮৫ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এত বড় আর্থিক কেলেঙ্কারি এর আগে কখনো ঘটেনি। এঁদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে এঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। দোষী ব্যক্তিদের শাস্তি দেবে।‘শেয়ারবাজারের ভয়াবহ ধস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেছে জিয়া সেনা নামের একটি সংগঠন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শেয়ারবাজারে ধসের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিচার করবে। গণশুনানির মাধ্যমে এটা করা হবে।আলোচনা সভায় ‘পুঁজিবাজারে সাম্প্রতিক দরপতন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এ কে এম আমিনুল হক। জিয়া সেনার সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, সাংসদ রেহানা আখতার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।