ক্ষমতায় থাকতে বন্দুকের আশ্রয় নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বন্দুকের আশ্রয় নিয়েছে। তারা বিএনপি ও চারদলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা করছে। এ জন্য তাদের একদিন জবাবদিহি করতে হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। এর জন্য প্রধানমন্ত্রী দায়ী।গত ২৯ ও ৩০ জানুয়ারি পুলিশের গুলিতে চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে বিএনপি এবং জামায়াতের পাঁচজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা ছাড়াও এই কর্মসূচি উপজেলা, থানা, জেলা ও বিভাগ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, ‘শেয়ারবাজারের বিনিয়োগকারীর আত্মহত্যার ঘটনা থেকেই বোঝা যায়, সরকার কতটা ব্যর্থ। সরকার শেয়ারবাজার থেকে টাকা লুটপাট করতে চায়।’ তিনি এই আত্মহত্যার জন্য সরকারকেই দায়ী করেছেন।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি সরকারের কাজের প্রতিবাদ করছে গ্রহণযোগ্য পদ্ধতিতে। তারা শান্তি বিঘ্নিত করছে না। তিনি বলেন, সরকার বিএনপির বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের যে অভিযোগ করেছে, তা মিথ্যাচার।প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন, যুগ্ম মহাসচিব বরকতউল্লা প্রমুখ বক্তব্য দেন।