আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘নব্য আওয়ামী লীগারদের দাপটে সত্যিকার আওয়ামী লীগাররা আজ কোণঠাসা। নব্য আওয়ামী লীগাররা নির্দিষ্ট উদ্দেশ্য ও কর্মসূচি নিয়ে মাঠে নামে এবং অবান্তর কথা ও খারাপ কাজ করে বিরোধী দলকে আন্দোলনের ইস্যু তৈরি করে দেয়। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, তখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে এদের খুঁজে পাওয়া যায় না। এরা হচ্ছে বসন্তের কোকিল।’গতকাল বুধবার এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটি আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওবায়দুল কাদের বলেন, ‘দল ক্ষমতায় এলে এরা (নব্য আওয়ামী লীগার) মায়ের চেয়ে মাসির মতো বেশি দরদ দেখায়। এরা প্রশাসন, সুশীল সমাজ, ব্যবসা, মিডিয়াসহ সব জায়গায় আছে।’ওবায়দুল কাদের বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘নিজের বাড়ি রক্ষায় নয়, জনগণের স্বার্থে আন্দোলন করলে করুন। সরকারি দল খারাপ কাজ করলে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে।’