ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ক্ষমতায় যাওয়ার জন্যে লালায়িত নই: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মনে করেন, নির্বাচনে অংশ নিতে বিএনপিও তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরের নয়টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষমতা কথাটি এমন একটি প্রত্যয় ব্যক্ত করে, যে প্রত্যয়ের ভিত্তিতে মনে হয় এটি আধিপত্যবাদের উপকরণ হিসেবে দেশবাসীর কাছে উপস্থাপিত হচ্ছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দায়িত্ব নিতে চাই, যাতে দেশের কল্যাণ-মঙ্গল অর্জন করতে পারি। আমরা দেশের নাগরিকদের স্বাধীন সত্তা অর্জনে আরও অগ্রণী ভূমিকা রাখব শেখ হাসিনার নেতৃত্বে।’
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘দেশের মানুষ চায় শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন। জনগণের এ চাওয়া বাস্তবায়নের জন্য গত পাঁচ বছর কাজ করেছি। আগামীতে এর ধারাবাহিকতা বাজায় রাখার জন্য সংবিধানের মতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছি। নির্বাচন কমিশনও ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই নির্বাচন। আমরা নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিচ্ছি। জাতি প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত। আমরা দলীয়ভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি। বিএনপিও তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি।’
প্রধানমন্ত্রীর উদ্বোধন করা নয়টি প্রকল্প হলো এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর ১৬৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুেকন্দ্র, ১৩৯ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ‘মেঘনা নদীর ভাঙন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর)’, ১৭০ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ‘মেঘনা নদীর ভাঙন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (চাঁদপুর)’, ১১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা-লালমাই-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের ৮১তম কিলোমিটারে ফরিদগঞ্জ সেতু নির্মাণ প্রকল্প, আট কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা-লালমাই-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের ৫৭তম কিলোমিটার এলাকায় নির্মিত ঝমঝমিয়া ব্রিজ, সাত কোটি ৮০ লাখ ছয় হাজার টাকা ব্যয়ে নির্মিত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্প, এক কোটি নয় লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চাঁদপুর প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণকাজ, ৫১ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ রক্তধারা নির্মাণ, পাঁচ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ।
এ ছাড়া ৩০ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ প্রস্তাবাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনলজি, ১০ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন নির্মাণ এবং নয় কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর পৌরসভার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়।