ক্ষমতায় যেতে হলে নাস্তিক আর ডান ও বামদের বাদ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফ্রন্টের নেতারা চট্টগ্রামের লালদীঘি মাঠে এক সমাবেশে বলেছেন, হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনের নামে দেশ অচল করছে। শানে রেসালাতের নাম নিয়ে লোকজনের ওপর হামলা করছে। তারা আসলে জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধীদের বাঁচাতেই মাঠে নেমেছে। কারণ, হেফাজতে ইসলাম একবারও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কোনো কথা বলেনি।আল্লাহ, রাসুল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের শাস্তি, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত করা, মসজিদ ও মাজারে হামলাকারীদের শাস্তিসহ ২১ দফা দাবিতে ইসলামিক ফ্রন্ট গতকাল শুক্রবার এ সমাবেশ করে। সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহদুর শাহ, মহাসচিব জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান সৈয়দ নাছেরুল হক চিশতি, আবু তৈয়ব আশরাফী, যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, এস এম ফরিদ উদ্দীন প্রমুখ।সৈয়দ বাহদুর শাহ বলেন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসতে হলে নাস্তিক, বামপন্থী ও ডানপন্থীদের বাদ দিয়ে হাক্কানি সুন্নি আলেমদের পরামর্শ গ্রহণ করতে হবে। দেশে ক্রান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে নাস্তিক ব্লগার আর অন্যদিকে ইসলামের নামধারীদের সন্ত্রাস চলছে। ইসলামের নামে সম্পদ নষ্ট ও মানুষ খুন করা হচ্ছে।জয়নুল আবেদীন বলেন, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন সংবিধানে পুনঃস্থাপন করতে হবে।