ক্ষমতায়ন নিশ্চিত করতে নারীকে স্বাবলম্বী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায়ন নিশ্চিত করতে নারীকে স্বাবলম্বী হতে হবে। নারী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে পরিবার ও সমাজে সব ধরনের সহিংসতা কমে যাবে। গতকাল রোববার নারী ও কৃষি উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে যশোর ও নড়াইল জেলার ১৩ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার মধ্যে মোট ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। যশোর শহরের বাঁচতে শেখা মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম, বাঁচতে শেখার কোষাধ্যক্ষ খন্দকার মোকসুদুল হক ও মাইডাসের প্রকল্প কর্মকর্তা সালাউদ্দীন মাসুদ।অনুষ্ঠানে শিখা গার্মেন্টস, নাজমা অ্যালুমিনিয়াম, ঝর্ণা স্টোর, বেবি আয়রন স্টোর, কল্পনা স্টোর, মহুয়া ফ্যাশন, হাদি হ্যান্ডিক্রাফটস, ওশান ডেইরি ফার্ম, মনোয়ারা বয়লার রাইস মিল, সাঞ্জু হ্যান্ডিক্রাফটস, হারুন ট্রেডার্স, আপন ক্রাফটস ও নাঈমা হস্তশিল্পের উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। বাঁচতে শেখার মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানকে চেক দেওয়া হয়।অনুষ্ঠানে বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ বলেন, নারীরা ব্যবসার মাধ্যমে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হতে পারে। কিন্তু ব্যাংকের নিয়ম-কানুন মেনে ঋণ পাওয়াটা নারীদের জন্য অত্যন্ত কঠিন। রোকেয়া আফজাল রহমান আরও বলেন, নারীদের ঋণ দিতে ব্যাংক কর্তৃপক্ষ আগে ভয় পেত। কিন্তু এখন তারা ঋণ দেওয়ার জন্য নারীদের খুঁজছে। কারণ, নারীরা ঋণ শোধ করার ব্যাপারে বেশি আন্তরিক। এ জন্য এখন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া খুব সহজ হয়েছে। শুধু সেলাই বা হস্তশিল্প নিয়ে থাকলে চলবে না, সব ধরনের ব্যবসায় নারীদের এগিয়ে আসতে হবে। নড়াইল থেকে ঋণের চেক নিতে আসা নাজমা অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী নাজমা বেগম তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘নড়াইল শহরে আমার অ্যালুমিনিয়ামের দোকান আছে। ব্যবসার লভ্যাংশের টাকা থেকে ইতিমধ্যে পাঁচ লাখ টাকা মূল্যের জমি কেনা ও পাকা বাড়ি বানিয়েছি। যে কারণে মূলধন একটু কমে গেছে। এই ঋণের টাকা দিয়ে আমার ব্যবসা বড় করব।’মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের যশোর শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ ঋণসুবিধা দেওয়া হচ্ছে। উদ্যোক্তারা ঋণের টাকা কোথায় কীভাবে ব্যবহার করবেন সে ব্যাপারে নিয়মিত তদারক করা হবে।