ক্ষমতায়নে আদিবাসী নারীর উপস্থিতি কম
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীদের চলাফেরায় স্বাধীন মনে হলেও রাজনৈতিক, সামাজিক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ খুবই কম। বিভিন্ন জনপ্রতিনিধিত্বমূলক ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আদিবাসী নারীদের উপস্থিতি কম বলে মনে করেন আদিবাসী নারীরা। তাঁরা দীর্ঘদিন ধরে সমান অধিকার নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাঙামাটির উন্নয়নকর্মী টুকু তালুকদার বলেন, আদিবাসী নারীদের ক্ষমতায়ন বা অধিকার যেসব প্রতিষ্ঠান থেকে নিশ্চিত হওয়ার কথা, সেসব প্রতিষ্ঠানেই তাঁদের উপস্থিতি নেই। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে তৃণমূলপর্যায় থেকে জেলাপর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে। যেমন, ঐতিহ্যবাহী প্রথা হেডম্যান ব্যবস্থায় এবং পার্বত্য জেলা পরিষদে আদিবাসী নারীর উপস্থিতি নেই। নারীদের সমস্যা নারীরা বেশি বুঝবে বলে উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক উন্নয়নের স্বার্থে নারীদের এগিয়ে আনতে হলে এসব প্রতিষ্ঠানে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পার্বত্য তিন জেলার হেডম্যান অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, রাঙামাটির ১৫৯টি হেডম্যান পদে নারী আছেন মাত্র চারজন, খাগড়াছড়িতে ১২১টির মধ্যে পাঁচজন এবং বান্দরবানে ৯৬টির কোনোটিতেই পুরুষ হেডম্যান নেই। রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা মনে করেন, যোগ্যতার ভিত্তিতে হেডম্যান পদে নারীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। অথচ সাধারণ মানুষের ধারণা হলো একজন হেডম্যান হবেন পুরুষ। এ ধারণা থেকে উত্তরণ প্রয়োজন।রাঙামাটির আইনজীবী সুস্মিতা চাকমা বলেন, নারীর ক্ষমতায়নের অন্যতম একটি দিক সম্পত্তির উত্তরাধিকার। পিতার সম্পত্তির উত্তরাধিকার থাকলে নারীদের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন তিনি।