সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি তিন যুবককে খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত অপর দুই বাংলাদেশিকে শিরশ্ছেদ থেকে রক্ষার উদ্যোগ ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার ফটিকছড়ির স্থানীয় তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত মো. জামাল উদ্দিন ও দুই সহোদর মো. আইয়ুব ও মো. তৈয়বের পরিবারের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হন। অপরাধীদের ক্ষমা করতে রাজি হয়নি নিহত ব্যক্তিদের পরিবার।জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জামালের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন রোসাংগিরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম ও নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি। বিদেশে বাংলাদেশিদের শিরশ্ছেদে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে উল্লেখ করে দণ্ড মওকুফ বা সাজা কমানোর অনুরোধ জানানো হয় তাদের প্রতি। কিন্তু জামালের পরিবার এতে রাজি হয়নি।এরপর ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনীয়া গ্রামের নিহত সহোদর আইয়ুব ও তৈয়বের পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল সকাল ও সন্ধ্যায় দুই দফা বৈঠক করেন সুন্দরপুর ইউপির চেয়ারম্যান মো. শহিদুল আজম। তিনি প্রথম আলোকে সন্ধ্যায় বলেন, ‘নিহত আইয়ুবের স্ত্রী নুসরাত জাহানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, সে দেশের আইন অনুযায়ী অপরাধীদের সাজা হোক, সেটাই তিনি চান।’গত বছরের ২ মে সংযুক্ত আরব আমিরাতের রাসুল আল খাইমা নগরে মো. আইয়ুব (২৮) ও মো. তৈয়য়কে (২৫) ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার দায়রা পাড়ার মো. হারুনুর রশিদ।অপরদিকে, ২০০৯ সালের ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ গ্রামের জামাল উদ্দিনকে (২৬) হত্যা করেন একই গ্রামের শাহাব উদ্দিন।ঘটনার পরপরই দুটি খুনের আসামি হারুনুর রশিদ ও শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। সে দেশের আদালত সম্প্র্রতি তাঁদের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেন। ৩০ জানুয়ারি এ দণ্ডাদেশ কার্যকর করার দিন ধার্য রয়েছে।বিষয়টি জেনে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে খুনিদের ক্ষমা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন। নিহত আইয়ুবের স্ত্রী নুসরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘স্বামী হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর দেখার অপেক্ষায় রয়েছি।’নিহত জামালের বাবা মো. কামাল উদ্দিন বলেন, ‘ক্ষমা নয়। সংযুক্ত আরব আমিরাতে হত্যার বদলে শিরশ্ছেদকে স্বাগত জানাই।’এদিকে, গতকাল দুপুরে মাইজভান্ডার গ্রামে শাহাব উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, কান্নার রোল পড়েছে। শাহাব উদ্দিনের মা মমতাজ বেগম ও বাবা আমির হামজা অঝোর ধারায় কাঁদছেন। অশ্রুসিক্ত স্ত্রী রিনা আকতারের কোলে নির্বাক তাকিয়ে আছে দুই বছরের শিশু সাহাদাত হোসেন।