ক্ষমা চাইলে আলোচনা: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা আলোচনায় বিশ্বাস করি। আলোচনা হতে পারে, তবে এর জন্য অবশ্যই বিরোধীদলীয় নেতাকে জাতীয় শোক দিবসে জন্মদিন পালন থেকে বিরত থাকতে হবে। “মিথ্যা” জন্মদিন পালনের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আলোচনা হতে পারে।’
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নৌকা-সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করেন। তিনি তাঁর ৬৯তম জন্মদিনে ৬৯ পাউন্ডের কেক কাটলেন। তিনি এটা করেছেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের উত্সাহিত করার জন্য। এ ধরনের ঘটনা বিশ্বের উন্নত কোনো দেশে ঘটলে সে দেশে এ ধরনের ব্যক্তিদের রাজনীতিতে অযোগ্য বলে বিবেচনা করা হতো।’
‘সমঝোতা না হলে সংঘাত অনিবার্য’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে তারা (বিএনপি) শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা এর আগেও দেশে এক-এগারো এনেছিল। আবার তারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে দেশে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ফখরুলের বক্তব্যেও এটা স্পষ্ট।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা কারও বায়না বা আবদারে সংবিধান সংশোধন করতে পারি না। উচ্চ আদালতের রায়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে। আপনারা (বিএনপি) সংবিধান মানবেন না, আদালতের রায় মানবেন না, এটা হতে পারে না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমুখ।