ক্ষমা চাইলেন বন সংরক্ষক তপন কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে বিশ্বব্যাংকের কাছে চিঠি লেখার জন্য ক্ষমা চাইলেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে। গতকাল রোববার পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন। কমিটি তাঁর প্রার্থনা মঞ্জুর করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে তপন কুমার দে বিশ্বব্যাংকের কাছে একটি চিঠি লেখেন। কিন্তু প্রধানমন্ত্রী এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি জানানোর পর গতকাল সংসদীয় কমিটির বৈঠকে তপন কুমার দেকে তলব করা হয়। সেখানে ওই কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চান। তিনি কমিটিকে বলেন, এটি ভুল ছিল। ভুল বোঝার পর তিনি তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাংককে আরেকটি চিঠি দিয়ে ভুলটি সংশোধন করেছেন।
বৈঠকের পর কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, একজন ভুল স্বীকার করেছেন। ক্ষমা চেয়েছেন। কমিটি তাই ক্ষমা করেছে। তিনি জানান, চট্টগ্রামে রেলওয়ের শতবর্ষী গাছ কাটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে বন বিভাগকে মামলা করতে এবং চট্টগ্রামে পরিবেশের ক্ষতি না করে ডিসি হিলের উন্নয়নকাজ করার জন্য গতকালের বৈঠকে সংসদীয় কমিটি সুপারিশ করেছে।
হাছান মাহমুদ বলেন, দেশে এখন পর্যন্ত ৩৫ শতাংশ ইটভাটায় আধুনিক পদ্ধতিতে ইট পাড়ানো হচ্ছে। আগামী অক্টোবরের মধ্যে ৭০ শতাংশ ইটভাটা আধুনিক পদ্ধতি ব্যবহারের আওতায় আনতে পরিবেশ মন্ত্রণালয়কে কার্যক্রম চালানোর সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ১৮টি জেলায় পরিবেশ আদালত গঠিত হয়েছে। প্রতিটি জেলায় এই আদালত গঠনের জন্য আইন মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে সুপারিশ করা হয়েছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাতে বলা হয়েছে।