ক্ষমা চাইলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে প্রকাশ্যে ধূমপান করায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে মৌলভীবাজার শহরে নিজ বাসভবনে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ক্ষমা চান। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপানের ঘটনাটি ‘অবচেতন মনে’ ঘটে গেছে।
বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে মন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আসলে ব্যাপারটি আমার অবচেতন মনে ঘটেছে। এই ভুলের ব্যাপারে ওই অনুষ্ঠানেই বলা উচিত ছিল।’ নিজেকে একজন অতিমাত্রায় ধূমপায়ী অভিহিত করে মন্ত্রী বলেন, ‘আমি একজন চেইন স্মোকার। এ কারণে শরীরে অনেক রোগও বাসা বেঁধেছে। বিশেষ করে ডায়াবেটিসের কারণে চিকিৎসক আমাকে ধূমপান করতে নিষেধ করেছেন। এর পরও পারছি না এ বদ অভ্যাসটি ত্যাগ করতে।’ মন্ত্রী অবচেতন মনের এই ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘গতকাল (সোমবার) অনুষ্ঠানে আমি অবচেতন মনে বদ অভ্যাসের প্রয়োগ ঘটিয়েছি। এ জন্য সত্যিই দুঃখিত।’ তিনি বলেন, ‘আমি একজন ধূমপায়ী মানুষ। ১৯৯৭ সালে যখন প্রথম মৌলভীবাজার পৌরসভায় চেয়ারম্যান পদে নির্বাচন করি, তখনো ধূমপানের জন্য আমাকে সমালোচনা শুনতে হয়েছে। তবে কোনোভাবেই পাবলিক প্লেসে ধূমপান করা আমার ঠিক হয়নি। এক-দেড় ঘণ্টা ধূমপান ছাড়া আমি থাকতে পারি না। এ কারণেই অবচেতন মনে মঞ্চে বসে ধূমপানের ঘটনাটি ঘটে গেছে। এ জন্য আমি খুবই দুঃখিত ও লজ্জিত। প্রকাশ্যে ধূমপান করায় আমি সবার কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে যাতে আর এ রকম ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকব।’
মন্ত্রী জানান, প্রকাশ্যে ধূমপানের বিষয়টি উপলব্ধির সঙ্গে সঙ্গেই ফেসবুকে তাঁর ব্যক্তিগত ফ্যান পেজে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন। তাঁর প্রত্যাশা, এ নিয়ে আর কোনো বিতর্ক হবে না।
উল্লেখ্য, সোমবার সিলেটের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে বসেই ধূমপান করেন মন্ত্রী। গতকাল প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ এ-সংক্রান্ত সংবাদ ছাপা হয়।