ফরিদপুরের সালথায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন যুবলীগ নেতা বাদল হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সালথা প্রেসক্লাব সভাপতির কার্যালয়ে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ওই কার্যালয়ে গিয়ে দৈনিক বাঙ্গালী খবর-এর সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইন ও ইত্তেফাক-এর সালথা সংবাদদাতা নূরুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, এ রকম ভুল আর হবে না।’ এ সময় সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা উপস্থিত ছিলেন। সেলিম মোল্লা বলেন, যুবলীগ নেতার বোধোদয় হওয়ায় তাঁকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না।
সেখানে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, যুবলীগ নেতাদের সঙ্গে সাংবাদিকদের যে সংকটের সৃষ্টি হয়েছিল, যুবলীগ নেতার এ ক্ষমা প্রার্থনায় তার অবসান হয়েছে।