ক্ষমা চাইলেন শিক্ষক লাঞ্ছনাকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে লাঞ্ছনার জন্য ক্ষমা চেয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য আতিউর রহমান। গতকাল বুধবার তিনি শিক্ষক-কর্মচারী ও সভাপতির সামনে অনুশোচনা করেন।
এ সময় আতিউর রহমান বলেন, ‘শিক্ষক মহান, অথচ আমি একজন শিক্ষককে লাঞ্ছিত করে চরম অন্যায় করেছি।’
লাঞ্ছিত হওয়া শিক্ষক প্রতীম চন্দ্র দাস জবাবে বলেন, ‘ক্ষমাই পরম ধর্ম। আমি ওই অভিভাবক সদস্যকে ক্ষমা করে দিয়েছি। আশা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ও সহকর্মীরাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
‘শিক্ষককে লাঞ্ছনাকারীর কঠোর শাস্তি দাবি’—শীর্ষক একটি সংবাদ গত ১৮ জুন প্রথম আলোয় প্রকাশিত হয়।
কামারপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ডের নিবন্ধন ফি জমা দেওয়ার কথা বলায় আতিউর রহমান ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেই সঙ্গে তাঁরা ওই অভিভাবক সদস্যকে শিক্ষক প্রতীম চন্দ্র দাসের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাছিমা আক্তার বলেন, ‘আমি নিজেও একজন কলেজশিক্ষক। কাজেই শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আমি মর্মাহত। তবে লাঞ্ছনাকারী অনুশোচনায় ভুগছেন এ জন্য ভালো লাগছে। আমরা তাঁকে ক্ষমা করেছি।’