ক্ষমা চাইলেন সাংসদ বদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিমকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি। গত রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে সাংসদ নির্বাহী প্রকৌশলীর কাছে ক্ষমা চান। নির্বাহী প্রকৌশলী সাংসদকে ক্ষমা করে দেওয়ায় ঠিকাদারেরা গত সোমবার থেকে উন্নয়নকাজ শুরু করেছেন। সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন মহলের চাপের মুখে ওই বৈঠক করা হয় বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত একাধিক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈঠকে সাংসদ আবদুর রহমান সবার উদ্দেশ্যে বলেন, ‘মাথা গরম ছিল বলে ওই দিন একটা খারাপ ঘটনা ঘটে গেল। এর জন্য আমি লজ্জিত। আমাকে ক্ষমা করে দিন।’ উপস্থিত সবার অনুরোধে নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম সাংসদ আবদুর রহমানকে ক্ষমা করে দেন।সাংসদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি তো ফেরেস্তা নই, মানুষ ভুল করতে পারে। ভুল করেছি যখন জানতে পারলাম, তখন ক্ষমা চাইলাম। দুঃখ-বেদনা ভুলে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাঁকে (নির্বাহী প্রকৌশলীকে) অনুরোধ করেছি।’ নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, ‘নিজের ভুল স্বীকার করে একজন বিশিষ্ট ব্যক্তি ক্ষমা চাইলে কেউ তো না করতে পারেন না।’ কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি বিকল্প সড়ক মেরামত ও ঠিকাদার নিয়োগ নিয়ে গত ১৬ জুন সাংসদ আবদুর রহমান নির্বাহী প্রকৌশলী আবদুল হালিমকে মারধর করেন। এর প্রতিবাদে কক্সবাজার ঠিকাদার কল্যাণ সমিতি গত রোববার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়ক, সেতু ও কালভার্টের নির্মাণকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখেন। ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, ঘটনার সন্তোষজনক সমাধান হওয়ায় তাঁরা সোমবার থেকে উন্নয়নকাজ শুরু করেছেন।