ক্ষমা চাইলেন সেই অভিভাবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশুর ঝগড়া ও মারামারির ঘটনার জের ধরে চট্টগ্রামের পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের সামনে শিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত অভিভাবক ক্ষমা চেয়েছেন। গতকাল বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠকে অভিভাবক নাছির উদ্দিন ক্ষমা চান।
বিদ্যালয় সূত্র জানায়, শিশুকে মারধরের ঘটনাটি মীমাংসার জন্য গতকাল সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বৈঠক হয়। এতে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেয়ামত উল্লাহ, পটিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, প্রধান শিক্ষক শাহিনা ইয়াছমিন, বিদ্যালয় পরিচালনা সংসদের সদস্য গোফরান রানা, আহমদ হোসেন, আবদুল করিম, অভিযুক্ত নাছির উদ্দিনসহ অন্য অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
তবে মারধরের শিকার শিশুর বাবা নুরুল ইসলাম বৈঠকে ছিলেন না। বৈঠকে উপস্থিত না থাকার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান শিক্ষক শাহিনা ইয়াছমিন বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির কারণ দর্শানো নোটিশের জবাবে নাছির উদ্দিন এ ঘটনার জন্য লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেয়ামত উল্লাহ বলেন, এ ঘটনায় আপসনামা দাখিল করা হলে তা গ্রহণ করা হবে।
২০ জানুয়ারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ছুটি শেষে রাস্তায় মারামারি হয়। এর জের ধরে পরদিন বিদ্যালয়ে এসে শিক্ষকদের সামনে অভিভাবক নাছির উদ্দিন এক শিশুকে মারধর করেন।