১৯৭১ সালের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি দুই দেশকে আলোচনায় বসে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি। তিনি গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আশরাফ কোরেশি প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ১৯৭১ সালে মানবতাবিরোধী জঘন্য অপরাধের জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে পাকিস্তানের অবস্থানও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করতে পারলে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের যে চেষ্টা পাকিস্তান করছে, তা সম্ভব হবে না। ফারুক খান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য দুই পক্ষেরই মনের সন্তুষ্টির একটি বিষয় থাকতে হয়। তিনি বলেন, ‘পাকিস্তানের হাইকমিশনার আমাদের এ উদ্যোগকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যায়িত করে এ বিষয়ে তাঁদের ভূমিকা স্পষ্ট থাকবে বলেও জানিয়েছেন। হাইকমিশনার বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিচারকাজে পাকিস্তান অসহযোগিতা করবে না।’ বৈঠক বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। বলেছি, পাকিস্তান আমাদের এখান থেকে ওষুধ, সিরামিক, জাহাজ নিতে পারে।’বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কোনো আস্থার অভাব কাজ করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাইকমিশনার বলেন, ‘আমার মূল উদ্দেশ্য থাকবে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়ন করা।’ তিনি ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের একটি রোডম্যাপ দিয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌপথে কোনো যোগাযোগ নেই। এটা চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। বাংলাদেশে পাকিস্তানের দুটি ব্যাংক কার্যক্রম চালালেও এ দেশের কোনো ব্যাংক ওখানে নেই।