ক্ষমা চাওয়ার বিষয়ে পাকিস্তানের তরুণদের উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদজননী জাহানারা ইমাম স্মারক বক্তৃতা ও স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন পাকিস্তানের কবি-মানবাধিকার নেতা আহমদ সালিম। ছবিটি গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে তোলা l প্রথম আলো
শহীদজননী জাহানারা ইমাম স্মারক বক্তৃতা ও স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন পাকিস্তানের কবি-মানবাধিকার নেতা আহমদ সালিম। ছবিটি গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে তোলা l প্রথম আলো

পাকিস্তানের কবি ও মানবাধিকারকর্মী আহমদ সালিম বলেছেন, পাকিস্তানের নতুন প্রজন্মের দায়িত্ব হলো বাংলাদেশে গণহত্যার হোতাদের বিচারের আওতায় আনা। একাত্তরে গণহত্যার জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তান সরকারের ক্ষমা চাওয়ার বিষয়ে জনমত তৈরিতে তাদেরই এগিয়ে আসতে হবে।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদজননী জাহানারা ইমাম স্মারক বক্তৃতা ও স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

জাহানারা ইমামের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ায় অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণী প্রচারের জন্য পাঞ্জাবি ভাষার এই কবিকে এ বছর জাহানারা ইমাম স্মৃতি পদক দেওয়া হলো। এ ছাড়া দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে অবদান রাখার জন্য প্রতিষ্ঠান হিসেবে ‘ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট’ও এই পুরস্কার পায়।

কবি আহমদ সালিম একাত্তরে পাকিস্তানিদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে কবিতা লিখে জেলে যান। ২০১২ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু হিসেবে তাঁকে সম্মাননা প্রদান করে। গতকাল ‘বাংলাদেশ গণহত্যা: পাকিস্তানে নিন্দা’ শীর্ষক বক্তৃতায় কবি আহমদ সালিম বলেন, একাত্তরে পাঞ্জাবের কবিরা বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে কবিতা লিখেছেন, পত্রিকায় বিবৃতি দিয়েছেন, রাজপথে সভা করেছেন এবং এসব কারণে জেলেও গেছেন। ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের মালিক মধুসূদন দে ও অন্য শহীদদের নিয়ে কবিতা লেখার কারণে পাকিস্তান সরকার তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেয়। তিনি সেই সময়ের কথা স্মরণ করে বলেন, ‘সামরিক আদালতে আমাকে প্রশ্ন করা হয় পাঞ্জাবি হয়ে আমি বাঙালিদের পক্ষ নিচ্ছি কেন? আমার উত্তর ছিল সোজা। যারা মানুষ হত্যা করে, তারা পাঞ্জাবি বা পাঠান নয়, শুধুই খুনি।’

আলোচনা পর্বে অংশ নেন শহীদ বুদ্ধিজীবী সন্তান শমী কায়সার, ডা. নুজহাত চৌধুরী ও তানভীর হায়দার চৌধুরী। তাঁরা বলেন, একাত্তরের গণহত্যাকে স্বীকার করা এবং বাংলাদেশের জনগণের কাছে এ জন্য ক্ষমা চাওয়া ছাড়া প­াকিস্তান-বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন সম্ভব নয়।

এই পর্বে আরও বক্তব্য দেন পাকিস্তানি তরুণ লেখক আনাম জাকারিয়া ও হারুন খালিদ। আনাম জাকারিয়া বলেন, গণহত্যার অস্বীকৃতি খুবই দুঃখজনক। একাত্তরের ইতিহাস বাংলাদেশের মতো পাকিস্তানেরও ইতিহাস। একটি গণতান্ত্রিক, সেক্যুলার দেশ গড়ার জন্য পাকিস্তানকে এই ইতিহাসের দায় নিতে হবে। ক্ষমা চাইতে হবে।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশের মানুষ গণহত্যার স্বীকৃতি চায়। পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমাপ্রার্থনার এখন সময় এসেছে।

নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশীদ। উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদ বুদ্ধিজীবী সন্তান আসিফ মুনীর প্রমুখ। সঞ্চালনায় ছিলেন তৌহীদ রেজা নূর।