ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন কুষ্টিয়ার ডিসি
নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জেলা প্রশাসকের পক্ষে আইনজীবী এম আমীর উল ইসলাম মামলা পরিচালনা করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশ সাত দিনের মধ্যে বাস্তবায়নের শর্তে কুষ্টিয়ার জেলা প্রশাসককে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।জানা গেছে, কুষ্টিয়া জেলার গড়াই নদী থেকে বালু তোলার জন্য জনৈক আনোয়ারুল হক বিআইডব্লিউটিএর অনুমোদন পান। কিন্তু সরকারের এক সিদ্ধান্তের কথা জানিয়ে ডিসি ইজারার টাকা গ্রহণ থেকে বিরত থাকেন। ওই সিদ্ধান্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারার কথা বলা হয়। আনোয়ারুল হক হাইকোর্টে রিট আবেদন করলে আদালত ইজারার টাকা জমা নিতে নির্দেশ দেন। ডিসি এর পরও টাকা জমা না নেওয়ায় রিট আবেদনকারী তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করেন।