
আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা এম সালাম ও এ জেড এম জাহিদ হোসেন। দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ায় অভিযোগ থেকে তাঁদের অব্যাহতির আদেশ দেন আদালত।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। আদালত নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে ওই তিনজনকে আজ তলব করেছিলেন হাইকোর্ট।
গয়েশ্বর ও অন্য দুজনের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।
পরে এম এম বদরুদ্দোজা বলেন, নিঃশর্ত ক্ষমা চাওয়া হলে আদালত তিনজনকেই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
নিতাই রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, গয়েশ্বরের বক্তব্য ছিল রাজনৈতিক। দুঃখ প্রকাশ করলে আদালত তাঁকে অব্যাহতি দিয়েছেন।
‘সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দী’ গয়েশ্বরের এমন মন্তব্য সংবাদপত্রে ছাপা হলে তা বিবেচনায় নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৭ এপ্রিল স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল দেন।
গয়েশ্বর ছাড়াও ড্যাবের সহসভাপতি এম সালাম ও মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকে আজ (২০ এপ্রিল) আদালতে হাজির হতে নির্দেশ দেন আদালত। এই নির্দেশ অনুসারে আজ সকালে এই তিনজন আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে অবমাননার অভিযোগ থেকে তাঁদের অব্যাহতি দেন হাইকোর্ট।
৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট—সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দী। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না।
আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। বিএনপিপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই মানববন্ধনের আয়োজন করে।