ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখের বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাপারে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এক আদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা করে দেন। মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, মিসরের রাজধানী কায়রোতে স্বরাষ্ট্রমন্ত্রী রায়ের বিষয়ে কথা বলেছেন। কিন্তু দিন নির্দিষ্ট করে কিছু বলেননি। এর পরও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে ট্রাইব্যুনালের কোনো ধরনের অবমাননা হলে তার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন।এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ মহীউদ্দীন খান আলমগীরকে নিঃশর্ত ক্ষমা করে বিচারাধীন মামলা নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের ‘কাল্পনিক মন্তব্য’ না করার নির্দেশ দেন।৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এক আদেশে বলেন, মহীউদ্দীন খান আলমগীর কায়রোতে গিয়ে বলেছেন, বাচ্চু রাজাকারের রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সপ্তাহে দ্বিতীয় রায় ঘোষণা করবেন। আর তৃতীয় বিচারের রায় আগামী ১৪ তারিখ ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষাধীন মামলার বিষয়ে এ ধরনের মন্তব্য দৈনিক আমার দেশ, সংগ্রাম ও নয়া দিগন্ত-তে প্রকাশিত হয়েছে। আদেশে ট্রাইব্যুনাল স্বরাষ্ট্রমন্ত্রী সত্যিই ওই বক্তব্য দিয়ে থাকলে তাঁকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।