আদালতের নির্দেশ অমান্য করায় প্রায় পাঁচ ঘণ্টা হেফাজতে থাকার পর নিঃশর্ত ক্ষমা চেয়ে ছাড়া পেলেন রাজধানীর হাজারীবাগের তিনটি ট্যানারির মালিকেরা। তাঁরা হলেন পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও প্যারামাউন্ট ট্যানারিজের আকবর হোসেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার এই তিন ট্যানারিমালিককে তাঁদের ট্যানারি স্থানান্তরের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।
ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা অনুসরণ না করায় ১০ ট্যানারিমালিকের গতকাল রোববার হাইকোর্টে হাজিরের দিন ধার্য ছিল। গতকাল সকালে আদালতে তিন ট্যানারিমালিক হাজির হন। কিন্তু তাঁরা আদালতের নির্দেশ অনুসারে কোনো ব্যাখ্যা দেননি। তখন আদালত কোর্টকিপারের মাধ্যমে ওই তিনজনকে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন। কোর্টকিপার ওই তিনজনকে কোর্ট পুলিশের কাছে রাখেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, বাকি সাতজন ট্যানারিমালিকের মধ্যে মাহিন ট্যানারির আবদুল ওয়াদুদ মিয়া, নবীপুর ট্যানারির আবদুল ওয়াহাব ও এশিয়া ট্যানারির মফিজ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। তাঁরা আদালতের নির্দেশনা অনুসারে হাজির হননি। রানা লেদার ইন্ডাস্ট্রিজের আরেফিন সামছুল আলামিন বিদেশে থাকায় তাঁকে আগামী ৩ মে হাজির হতে নির্দেশ দেন আদালত।
মনজিল মোরসেদ বলেন, বাকি তিনজন ট্যানারিমালিক—করিম লেদারের রেজাউল করিম আনসারী, জুলেট এন্টারপ্রাইজের সায়েদুল হক মাস্টার ও সালাম ট্যানারির আবদুস সালাম মারা গেছেন।
বিকেলে পুলিশের কাছে থাকা তিন ট্যানারিমালিক আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে সময় চান। তাঁদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। আজ বেলা একটার মধ্যে ট্যানারি সরানোর বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার শর্তে তাঁরা ছাড়া পান।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালে ট্যানারিশিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। দীর্ঘদিনেও হাইকোর্টের রায় বাস্তবায়িত না হওয়ায় অন্য আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৩ জুন হাইকোর্ট আবার নির্দেশ দেন, ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প সরিয়ে নিতে হবে। পরে ওই সময়সীমা কয়েক দফা বাড়িয়ে ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর না হওয়ায় আদালত অবমাননার আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এই আবেদনের শুনানি শেষে ২০১৪ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন। গত বছরের ২১ এপ্রিল আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন শিল্পসচিব।
পরে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে হাজারীবাগের ১০ ট্যানারির বিরুদ্ধে আরেকটি আবেদন করে এইচআরপিবি। ওই আবেদনের শুনানি শেষে গত ১১ আগস্ট হাইকোর্ট ১০ ট্যানারিমালিকের বিরুদ্ধে রুল দেন। এরপর গত ২৩ মার্চ আরেক আদেশে হাইকোর্ট বলেন, ওই ১০ ট্যানারিমালিককে ১০ এপ্রিল হাইকোর্টে হাজির হতে হবে।