আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, আন্দোলনের নামে জনগণের ওপর যে অত্যাচার চালাচ্ছেন, তা বন্ধ করে জনগণের কাছে ক্ষমা চেয়ে তওবা করুন।
আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী মিছিলপূর্ব সমাবেশে কামরুল এ কথা বলেন।
কামরুল ইসলাম অভিযোগ করেন, ‘১৯৭১ সালের পরাজিত শক্তি আবার নতুন করে তত্পর হয়ে উঠেছে। আন্দোলনের নামে অবরোধ দিয়ে মানুষকে জিম্মি করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। খালেদা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন।’ বিদেশিদের কাছে ধরনা না দিয়ে জনগণের কাছে ধরনা দিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতার উদ্দেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আসুন, সবাই মিলে দেশকে ভালোবাসি। নির্বাচন বানচাল করতে অনেক চেষ্টা করেছেন, তা পারেননি। ভবিষ্যতেও পারবেন না। দুটি জিনিস ছাড়া বিরোধীদলীয় নেতা সব কিছুই পারেন। তিনি শুধু পারেন না পাকিস্তান ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক সবুজ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন।