ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান যে ভাষায় সাংবাদিকদের ওপর আক্রমণ করেছেন, তার নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন। সংগঠনগুলোর নেতারা অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে বক্তব্য প্রত্যাহারের জন্য শামীম ওসমানের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, যশোর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতারা গতকাল রোববার এক বিবৃতিতে এই দাবি জানান।
বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেছেন, সাম্প্রতিক সময়ে শামীম ওসমানের পরিবারের উজ্জ্বল চিত্র তুলে ধরে সংসদে ও সংসদের বাইরে শীর্ষ পর্যায়ের নেতারা যে বক্তব্য দিয়েছেন, দুঃখজনকভাবে সাংবাদিকদের সম্পর্কে বক্তব্যে তাঁর পরিবারের সেই উজ্জ্বলতার কোনো প্রমাণ মেলে না। বরং শামীম ওসমানের উচ্চারিত শব্দ, বক্তব্য এবং তাঁর দেহের ভাষায় যে শিক্ষা, রুচি ও সংস্কৃতির প্রকাশ ঘটেছে তা তাঁর নিজস্ব শিক্ষা, রুচি, রাজনীতি ও পারিবারিক সংস্কৃতিকেই প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিক নেতারা বলেন, একজন নির্বাচিত সাংসদের নিচুস্তরের এই মানসিকতা এবং তার প্রকাশ গোটা সংসদের মর্যাদাকেই হেয় করে। এই মানের সংসদ সদস্য কোনো সংসদের মর্যাদা যে কোনোভাবেই বৃদ্ধি করেন না, তা নিশ্চয়ই জাতীয় সংসদের অভিভাবক মাননীয় স্পিকারও অনুধাবন করবেন। সংসদের মর্যাদা রক্ষার স্বার্থেই এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তাঁরা স্পিকারের প্রতিও আহ্বান জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বিস্ময় প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তাঁর অভিভাবক এ কথা বলার মধ্য দিয়ে শামীম ওসমান তাঁর সাংবাদিক ও গণমাধ্যমবিরোধী অরুচিকর ও অশালীন আচরণের সঙ্গে প্রধানমন্ত্রীর নামটিও জড়িয়ে ফেলছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সরকার সাংবাদিকদের কল্যাণে যখন নানা উদ্যোগ নিচ্ছে এবং তার বাস্তবায়ন করছে তখন তাঁর দলের একজন সদস্যের অশালীন মন্তব্য ও অশোভন বক্তব্যের কারণে সেসব শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না। সাংবাদিক নেতারা শামীম ওসমান যেন সাংবাদিকদের কাছে দ্রুত ক্ষমা চেয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার করেন, সে ব্যাপারে ভূমিকা রাখতে দলের সভানেত্রীর প্রতিও আহ্বান জানান।
সাংবাদিক নেতারা আরও বলেন, প্রবল ক্ষমতাধরদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই এ দেশের সাংবাদিকসমাজ তাদের পেশাগত দায়িত্ব পালন করে, সব অপশক্তি ও গডফাদারদের মুখোশ উন্মোচন করে। নারায়ণগঞ্জের ক্ষেত্রেও কোনো হুমকি-ধমকির মুখে তা কখনোই থেমে যাবে না। নেতারা শামীম ওসমানকে তাঁর কথা ও আচরণে সংযত হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সাংবাদিকেরা যেন তাঁদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তেমন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।