ক্ষমা চেয়েই পার পেয়ে গেলেন চেয়ারম্যান ও সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমা চেয়েই দুর্নীতি আর অনিয়মের অভিযোগ থেকে পার পেয়ে গেলেন ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও সচিব। সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও জেলা প্রশাসন থেকে তাঁদের শুধু সতর্ক করে দেওয়া হয়েছে।

সরকারের এক আদেশে বর্তমান সচিব মোহাম্মদ আলী গত বছরের ১১ আগস্ট ভাকুর্তা ইউনিয়ন পরিষদে যোগদান করেন। একই আদেশে তৎকালীন সচিব আমির হোসেনকে অন্যত্র বদলি করা হয়। আমির হোসেন নতুন কর্মস্থলে যোগদান করলেও নিয়ম অনুযায়ী মোহাম্মদ আলীকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া থেকে বিরত থাকেন। আর এই সুবাদে বদলি হওয়ার পরও আমির হোসেন ও চেয়ারম্যান আনোয়ার হোসেন যৌথ স্বাক্ষরে এক বছরেরও বেশি সময় ধরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সকল প্রকার আর্থিক লেনদেন চালিয়ে যান। মোহাম্মদ আলী এসব অনিয়মের বিষয়ে গত ২৪ মে লিখিতভাবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালককে অবহিত করেন।

লিখিত আবেদনে মোহাম্মদ আলী চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সচিব আমির হোসেনের বিরুদ্ধে ২০১৬ ও ২০১৭ অর্থবছরে ওয়ান পার্সেন্টের ১৭ লাখ ১২৫ টাকা, রাজস্ব খাতের ২ লাখ ১৭ হাজার ৭২০ টাকা এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের ২২ লাখ ৪০ হাজার টাকা বিধিবহির্ভূতভাবে উত্তোলন ও আত্মসাতের অভিযোগ আনেন। এসব বিষয়ে গত ৫ জুন প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে গত ১৬ জুলাই তথ্য অধিকার আইন ব্যবহার করে প্রথম আলোর পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালকের দপ্তর থেকে ১ আগস্ট তথ্য সরবরাহ করা হয়েছে।

সরবরাহ করা তথ্যে বলা হয়েছে, ভাকুর্তার বর্তমান ইউপি সচিব মোহাম্মদ আলীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাবেক ইউপি সচিব আমির হোসেনকে গত ৪ জুন কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জবাবে অভিযুক্ত ব্যক্তিরা অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করলে তাঁদের ক্ষমা করে দেওয়া হয়।

সরবরাহ করা তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক গত ২৫ জুলাই পৃথক সতর্ককরণ পত্রে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সচিব আমির হোসেনকে প্রথমবারের মতো সতর্ক করে দেন।

এ বিষয়ে কথা বলার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালকের সরকারি টেলিফোনে একাধিকবার ফোন করলেও কেউ ধরেননি।

দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে শুধু সতর্ক করেই অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া যায় কি না জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘এই মুহূর্তে বিষয়টি আমার মনে পড়ছে না। পরে খোঁজ নিয়ে বলা যাবে, আসলে কী হয়েছে।’