ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের জন্য প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি আইনগত ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে বিএনপি কোনো অর্থ নেয়নি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর অন্যান্য মন্ত্রী ও নেতারা বারবার মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা বারবার এই অভিযোগ খণ্ডন করলেও প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় ও সংসদে একই ‘কোরাস’ গেয়ে যাচ্ছেন।’সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের কয়েকটি পত্রিকায় বিএনপি ১৯৯১ সালে নির্বাচনের আগে আইএসআইয়ের কাছ থেকে টাকা নিয়েছে বলে খবর বেরিয়েছে। ওই সব খবরে বলা হয়, আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি দেশটির সুপ্রিম কোর্টে এক শুনানিতে বিএনপিকে ওই অর্থ দেওয়ার কথা বলেছেন। এর সূত্র ধরে প্রধানমন্ত্রী সংসদে ও সংসদের বাইরে বিএনপির সমালোচনা করেছেন। আর বিএনপি প্রথম থেকেই এই খবরকে মিথ্যা বলে আসছে। গতকালের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ঢাকার বাংলা দৈনিক নয়া দিগন্ত ও ইংরেজি সাপ্তাহিক হলিডের কাছে সাক্ষাৎকারে আসাদ দুররানি বলেছেন, পাকিস্তানের সুপ্রিম কোর্টে তিনি বাংলাদেশ বা বিএনপি প্রসঙ্গে কোনো কথা বলেননি। তাঁর হলফনামায়ও এমন কোনো কথা বলা হয়নি। বিএনপির এই নেতা দাবি করেন, আইএসআইয়ের কাছ থেকে বিএনপির টাকা নেওয়া-সংক্রান্ত খবর কেবল মিথ্যা ও ভিত্তিহীনই নয়, বরং উদ্দেশ্যমূলক ও দুরভিসন্ধিমূলক। মির্জা ফখরুল এ ধরনের ‘মিথ্যা’ সংবাদ প্রকাশের জন্য বাংলাদেশের প্রথম আলো, দুবাইয়ের খালিজ টাইমস ও ভারতের ইন্ডিয়া টুডেকে দায়ী করেন। তিনি বলেন, ‘মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য শনিবার প্রথম আলোতে প্রতিবাদ পাঠানো হবে। তাদের বলা হবে, আপনারা না জেনে, যাচাই না করে সংবাদ পরিবেশন করেছেন। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকুন।’আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ, ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালাম, মহিলা দলের সভাপতি শিরীন সুলতানা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।