ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পাকিস্তান সরকারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। যত দিন পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তান ক্ষমা না চাইবে, তত দিন পর্যন্ত এ সম্পর্ক ছিন্ন থাকবে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ভার্সিটি সার্কেলের রজতজয়ন্তী উপলক্ষে স্থানীয় গোলাম নবী পাইলট মডেল হাইস্কুল মাঠে গতকাল শনিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, ‘পাকিস্তানি রাষ্ট্রদূত চরম মিথ্যাচার করে ১৯৭১ সালের গণহত্যার কথা অস্বীকার করছেন। জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে মিশে থাকা রাষ্ট্রদ্রোহী পাকিস্তানি রাজাকারদের মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। আমরা আশা করছি, ১৯৫ জন রাজাকার ও আলবদরের বিচার এ দেশের মাটিতেই হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ করে আরেফিন সিদ্দিক আরও বলেন, ‘দেশের ইতিহাস যে যত বেশি জানবে, সে ব্যক্তি দেশকে তত বেশি ভালোবাসতে পারবে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান, ৩০ লাখ মানুষের আত্মত্যাগের ইতিহাস জানতে হবে। এ ইতিহাস জানা তোমাদের দায়িত্ব ও কর্তব্য।’
এর আগে ২৫ বছর পূর্তি উপলক্ষে সকাল ১০টার দিকে ভার্সিটি সার্কেল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এটি গোলাম নবী উচ্চবিদ্যালয় থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডালেম চন্দ্র বর্মণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনায়েত করীম, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. ইব্রাহীম, ইউএনও সানোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান প্রমুখ।