ক্ষমা মঞ্জুর আফিল মনিরুল সাংসদ বহাল থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) শেখ আফিলউদ্দিন ও মনিরুল ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। সরকারদলীয় এই দুজন প্রার্থী নিঃশর্ত ক্ষমা চাওয়ায় গতকাল রোববার কমিশন অবিলম্বে তাঁদের নাম সাংসদ হিসেবে গেজেটে প্রকাশের নির্দেশ দিয়েছে।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে ১ জানুয়ারি শাহিন উল কবীর নামের এক ব্যক্তি এই দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, দুই প্রার্থী দলীয় নেতা-কর্মীদের কেন্দ্র দখল করে দুপুর ১২টার মধ্যে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ইসির গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছিল।
গত বৃহস্পতিবার শুনানিতে উপস্থিত হয়ে ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন দুই প্রার্থী। তা মঞ্জুর করে ও উচ্চ আদালতের রায় পর্যালোচনা করে গতকাল বিষয়টির নিষ্পত্তি করেছে কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, লিখিত বক্তব্যে এই দুজন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তবে ব্যক্তিগত শুনানিতেও একই বক্তব্য দেওয়ার পাশাপাশি ‘অনিচ্ছাকৃত’ যেকোনো ধরনের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চান তাঁরা।
গতকাল দুপুরে ইসির মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীরা এই দুই প্রার্থীর বিষয়ে কমিশন কেন এ ধরনের পদক্ষেপ নিল তা জানতে চান। একই সঙ্গে শিল্পমন্ত্রীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ জানানোর কারণ জানতে চান তাঁরা। জবাবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, এই দুজন প্রার্থীর বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাই সঠিক ব্যবস্থা। শিল্পমন্ত্রীর প্রসঙ্গে তিনি বলেন, ‘কে মন্ত্রী হবেন তা ঠিক করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীর অভিভাবক প্রধানমন্ত্রী। ছেলে দোষ করলে অভিভাবককে জানাতে হয়।’
গতকাল কমিশন এক আদেশে জানায়, নির্বাচন কমিশন উচ্চ আদালতের পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা করে শেখ আফিলউদ্দিনের লিখিত ও মৌখিক বক্তব্য শুনে ক্ষমা মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনের চলমান প্রসিডিংস থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলো। সংসদ সদস্য হিসেবে তাঁর নাম অবিলম্বে গেজেটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। মনিরুল ইসলামের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়।