ক্ষয়ক্ষতির তথ্য নিতে টেংরাটিলায় মার্কিন পরামর্শক দল

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণে সরকারের বিরুদ্ধে নাইকোর মামলায় বাংলাদেশের পক্ষে নিয়োজিত যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা ও পরামর্শক প্রতিষ্ঠানের সদস্যরা গতকাল বুধবার টেংরাটিলা পরিদর্শনে গেছেন।
১১ সদস্যের ওই প্রতিনিধিদল গ্যাসক্ষেত্র এলাকায় গ্যাস উদ্গিরণের ব্যাপকতা পরিমাপ, পরিবেশ এবং মানুষের আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষয়ক্ষতি নির্ধারণে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্যাসক্ষেত্র এলাকায় দলটি কাজ করবে।
গতকাল বেলা ১১টায় প্রতিনিধিদল গ্যাসক্ষেত্র এলাকায় আসে। তাদের সঙ্গে বাপেক্সের উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান, সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের মহাব্যবস্থাপক এ কে এম আমীর হোসেইন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামসহ বাপেক্স ও পেট্রোবাংলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বিদেশি পরামর্শকেরা গ্যাসক্ষেত্র এলাকার চারপাশ ঘুরে দেখেন। গ্যাসক্ষেত্রের পাশের টেংরাটিলা ও আজবপুর গ্রামের রাস্তাঘাট, দোকানপাট, বাড়িঘর, পুকুর, নলকূপ দিয়ে গ্যাসের উদ্গিরণের মাত্রা পরিমাপ করেন। এ সময় গ্রামের নারী-পুরুষদের সঙ্গে কথা বলেন তাঁরা। পরীক্ষা করে দেখেন এলাকার মাটি।
বাপেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৫ সালের ৭ জানুয়ারি প্রথম এবং ২৪ জুন দ্বিতীয় দফায় টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কূপ খননকালে সংঘটিত এই বিস্ফোরণের পর আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকার ও বাপেক্সের বিরুদ্ধে দুটি মামলা করে। বাংলাদেশের পক্ষে ওই দুটি মামলায় আইনি সহায়তা ও পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানকে।