ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য এবার নদীপথে ১৮৫ কিলোমিটার সাঁতরাবেন!
এবার নদীপথে ১৮৫ কিলোমিটার সাঁতরাবেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর যাত্রা। আজ বুধবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য গত বছরের ৪ আগস্ট সন্ধ্যা থেকে ৬ আগস্ট দুপুর পর্যন্ত ১৪৬ কিলোমিটার সাঁতার কেটেছিলেন নদীপথে। এবার এই দূরত্ব আরও ৩৯ কিলোমিটার পথ বাড়িয়ে ১৮৫ কিলোমিটার করেছেন ৬৫ বছর বয়সী এ মুক্তিযোদ্ধা।
নেত্রকোনার মদন উপজেলা নাগরিক কমিটি ও নালিতাবাড়ী পৌরসভা যৌথভাবে দূরপাল্লার এই সাঁতারের আয়োজন করেছে। ৩ সেপ্টেম্বর সকাল থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর সাঁতার শুরু হবে। ওই দিন ভোর ছয়টার দিকে নালিতাবাড়ীর ভোগাই নদীর সেতুসংলগ্ন এলাকায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করবেন।
নেত্রকোনায় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার ভোর ছয়টায় ভোগাই নদে সাঁতার শুরু হবে। পরে কংস নদ পেরিয়ে নেত্রকোনার মদন পৌরশহরের মগড়া নদীর দেওয়ান বাজার ঘাট এলাকায় শেষ হবে। ১৮৫ কিলোমিটার বিরামহীন এই নদীপথ পাড়ি দিতে অন্তত ৫২ ঘণ্টার মতো সময় লাগতে পারে বলে জানানো হয়। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য তাঁর সঙ্গে শত শত মানুষসহ তিনটি ইঞ্জিনচালিত বড় নৌকা, একটি বড় ডিঙি, একটি স্পিডবোট, চিকিৎসক, তরলজাতীয় খাবার, বাজনাসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে।
সংবাদ সম্মেলন শেষে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য প্রথম আলোকে বললেন, ‘আমি একটি রেকর্ড করতে চাই। আর প্রমাণ করতে চাই, বয়স কোনো বিষয় না। চেষ্টা থাকলে সবই সম্ভব। আমার শরীরে এখনো যথেষ্ট স্ট্যামিনা আছে। আমি জাতীয় ক্রীড়া পরিষদকে বিভিন্ন সময় অনুরোধ করেছিলাম এ ধরনের আয়োজন করার জন্য। কিন্তু তারা সে অনুরোধ রাখেনি। তাই আমি নিজ উদ্যোগেই সাঁতরাব।’
ক্ষিতীন্দ্র চন্দ্রের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এএনএস কনসালট্যান্ট হিসেবে অবসর গ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি পাস করেন। সাঁতার কেটে এ পর্যন্ত জাতীয় পর্যায়ে চারটি পুরস্কার পেয়েছেন।
ক্ষিতীন্দ্র চন্দ্র জানান, ১৯৭০ সালে সিলেটের ধুপাদীঘি পুকুরে অরুণ কুমার নন্দীর বিরামহীন ৩০ ঘণ্টার সাঁতার প্রদর্শনী দেখে তিনি উদ্বুদ্ধ হন। এরই ধারাবাহিকতায় একই বছর মদনের জাহাঙ্গীরপুর উন্নয়ন কেন্দ্রের পুকুরে তিনি ১৫ ঘণ্টার সাঁতার প্রদর্শনীতে অংশ নিয়ে আলোচিত হন। এটিই ছিল তাঁর প্রথম সাঁতার প্রদর্শনী। পরে ১৯৭২ সালে সিলেটের রামকৃষ্ণ মিশন পুকুরে ৩৪ ঘণ্টা, সুনামগঞ্জের সরকারি হাইস্কুলের পুকুরে ৪৩ ঘণ্টা, ১৯৭৩ সালে ছাতক হাইস্কুলের পুকুরে ৬০ ঘণ্টা, সিলেটের এমসি কলেজের পুকুরে ৮২ ঘণ্টা এবং ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরে ৯৩ ঘণ্টা ১১ মিনিট বিরামহীন সাঁতার প্রদর্শন করে জাতীয় রেকর্ড সৃষ্টি করেন।
জাতীয় রেকর্ড সৃষ্টি করায় ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয় এবং ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালে তিনি জগন্নাথ হলের পুকুরে ১০৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতার প্রদর্শন করে নতুন রেকর্ড সৃষ্টি করেন। এর স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথ হলের পুকুর পাড়ে একটি স্মারক ফলক নির্মাণ করে। এ ছাড়া বিভিন্ন সময়ে ঢাকা স্টেডিয়ামের সুইমিং পুল, মদন উপজেলা পরিষদের পুকুর এবং নেত্রকোনা পৌরসভার পুকুরে তাঁর একাধিক সাঁতার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ভারতেও দূরপাল্লার সাঁতার প্রদর্শনীতে অংশ নিয়েছেন ক্ষিতীন্দ্র। ১৯৮০ সালে মাত্র ১২ ঘণ্টা ২৮ মিনিটে মুর্শিদাবাদের ভাগীরথী নদীর জঙ্গীপুর ঘাট থেকে গোদাবরী ঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার নদীপথ পাড়ি দেন। সাঁতার প্রদর্শনী ও রেকর্ড গড়ার স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কার-সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবনে তাঁকে রুপার নৌকা উপহার দেন। একই বছর ডাকসু তাঁকে বিশেষ সম্মানসূচক স্বর্ণপদক দেয়।
ক্ষিতীন্দ্র বৈশ্যর চাচাতো ভাই বিমান বৈশ্য বললেন, ‘গত বছর সাঁতার কাটার আগে দাদা বলেছিলেন এটি তাঁর শেষ সাঁতার হবে। কিন্তু যখন তিনি সফল হন, তারপর দাদা আরও বেশি পথ সাঁতরাতে চান। তাই তিনি এবার ১৮৫ কিলোমিটার পথ সাঁতরাবেন। এটি তাঁর জন্য কোনো বিষয়ই না। কোনো ঝুঁকি আছে বলেও আমরা মনে করি না।’
মদন উপজেলার নাগরিক কমিটির আহ্বায়ক দেওয়ান মোদাচ্ছের হোসেন প্রথম আলোকে বলেন, ‘গুগল ম্যাপ ডেটায় এই দূরত্ব নির্ণয় করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের দেশে দূরপাল্লার সাঁতার সর্বোচ্চ ১৫ কিলোমিটার। ক্ষিতীন্দ্র চন্দ্রের বয়স ও নদীপথের দৈর্ঘ্য বিবেচনা করলে আগামী সোমবারের তাঁর এই সাঁতার বিশ্ব রেকর্ড হিসেবে গণ্য হবে।’