ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিদেশে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে বিদেশে মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তা ছাড়া যাঁরা বিদেশে তাঁদের পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছেন না, তাঁদের বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ডের অনারারি কনসাল জেনারেল ও চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাংসদ এম এ লতিফ, এফসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির চেয়ারম্যান ও চেম্বারের সহসভাপতি মো. নুরুন নেওয়াজ। শুভেচ্ছা বক্তব্য দেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবল আলম। সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে বলেন, দেশে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। তারল্যসংকট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ডলারের দাম স্থিতিশীল হচ্ছে। টাকার মান বাড়তে শুরু করেছে। শিল্প-কারখানায় গ্যাসসংকট নিরসনে গ্যাস আমদানি করা হবে। তা ছাড়া দেশে নতুন গ্যাসক্ষেত্র থেকেও এ সংকট মোকাবিলার বিষয়টি চিন্তাভাবনা চলছে। আয়োজক সূত্রে জানা গেছে, মেলার পার্টনার কান্ট্রি থাইল্যান্ড। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী অন্য দেশগুলো হচ্ছে ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইরান।এবারের মেলায় ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল থাকবে। সাড়ে তিন শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।