ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা লোকসানের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে লোকসানের মুখে পড়েছেন। সরকার-নির্ধারিত দামের সঙ্গে সংগতি না থাকায় ওই  ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

গত শুক্রবার গাইবান্ধার পলাশবাড়ি চামড়ার হাটে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি গরুর চামড়া আড়াই-তিন হাজার টাকা, প্রতিটি ছাগলের চামড়া ১৫০-২৫০ টাকায় বিক্রি হয়েছে। এবার অনেক ক্ষুদ্র ব্যবসায়ী গ্রামে গ্রামে ঘুরে বেশি দামে চামড়া কিনেছেন। পলাশবাড়ি উপজেলার আমগাছি গ্রামের চামড়া ব্যবসায়ী আবদুল মালেক জানান, সরকার দাম নির্ধারণ করে দেওয়ায় এবার ঢাকার পাইকারেরা চামড়া কিনতে আগ্রহ দেখাননি। তাই চামড়া নিয়ে বিপাকে পড়তে হয়েছে।

উপজেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান বলেন, সরকার প্রতি বর্গফুট গরুর চামড়া ৯০ টাকা ও প্রতি বর্গফুট ছাগলের চামড়া ৪০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এ হিসাবে একটি গরুর চামড়া প্রায় দুই হাজার টাকা ও একটি ছাগলের চামড়া প্রায় ২৪০ টাকা দাঁড়ায়। তিনি বলেন, সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে চামড়ার দাম বেশি হওয়ায় উপজেলার ৮৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে লোকসান গুনতে হবে।

ঢাকার বিএলসি টেনারির প্রতিনিধি ফরিদ মিয়া জানান, এবার সরকারি মূল্যের চেয়ে বাজারে চামড়ার মূল্য বেশি। এ কারণে চামড়া কেনা সম্ভব হচ্ছে না।

গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ হাটে ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী নারায়ণ চন্দ্র (৪৮) বলেন, ‘দাদন ব্যবসায়ীর কাছে চড়া সুদে ২০ হাজার টাকা নিয়ে চামড়া কিনে বিপদে পড়েছি। বিক্রি করতে না পারলে লাভ তো দূরের কথা পকেটের টাকা দিয়ে সুদ পরিশোধ করতে হিমশিম খেতে হবে।’

বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে চামড়ার হাটে দেখা গেছে, প্রথম দিকে চামড়ার দাম বেশি থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে।

রায়গঞ্জ পৌরসভার গুণগাঁতি এলাকার আল আমিন বলেন, ‘সারা দিন বিভিন্ন গ্রাম ঘুরে এক হাজার ৬০০ টাকা থেকে দুই হাজার ২০০ টাকায় গরুর চামড়া এবং ৩০০-৩৫০ টাকায় ছাগলের চামড়া কিনেছিলাম। ধানগড়া হাটে তা বিক্রি করে কোনরকমে চালান উঠেছে।’

ধানগড়া এলাকার ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সরকারিভাবে আগেই দাম নির্ধারণ করে দেওয়ায় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনে ধরা খেয়েছে। লক্ষ্মীকোলা গ্রামের পাইকারি চামড়া ব্যবসায়ী তাজউদ্দীন বলেন, ‘এক দিনের ব্যবসায়ীদের উৎপাতে এই দিন আমরা একটু পিছুটান দিয়ে থাকি। অবশ্য আমাদেরই এসব কিনতে হয়।’