ক্ষুদ্র জনগোষ্ঠী সম্পর্কে তথ্য পাওয়া যাবে পৃথকভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমশুমারি ও গৃহগণনা থেকে প্রতিটি জেলার আদিবাসী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক তথ্য পাওয়া যাবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা ১৭ জুলাই রাজধানীর পরিসংখ্যান ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন।বিবিএসের মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, চাকমা, মারমা, ত্রিপুরা বা সাঁওতালরা কে কোন জেলায় কতসংখ্যক বসবাস করে, সেই তথ্য আদমশুমারি ও গৃহগণনার প্রতিবেদন থেকে পাওয়া যাবে। তিনি বলেন, ২০০১ সালের শুমারি প্রতিবেদনে এদের বিষয়ে জেলাভিত্তিক কোনো তথ্য ছিল না। কিন্তু এ বছর তথ্য সংগ্রহ করা হয়েছে এবং জেলাভিত্তিক প্রতিবেদন থেকে তা জানাও যাবে।১৬ জুলাই পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আনুষ্ঠানিকভাবে আদমশুমারি ও গৃহগণনা-২০১১-এর প্রাথমিক ফল প্রকাশ করেন। ওই ফলাফল নিয়ে মতবিনিময়ের জন্য ১৭ জুলাই সাংবাদিকদের সঙ্গে সভার আয়োজন করে বিবিএস।একাধিক সাংবাদিক অভিযোগ করেন, তাঁরা গণনা থেকে বাদ পড়েছেন। তাঁরা জানতে চান, বাদপড়াদের কীভাবে জনগণনায় অন্তর্ভুক্ত করা হবে। এ প্রসঙ্গে আদমশুমারি ও গৃহগণনা-২০১১ প্রকল্পের পরিচালক অসীম কুমার দে বলেন, মূল গণনা থেকে বাদপড়াদের নিয়ে জরিপ (শুমারি-পরবর্তী যাচাই বা পোস্ট ইম্যুনারেশন চেক) করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদ (বিআইডিএস)। প্রতিষ্ঠানটি আগামী সেপ্টেম্বরে তাদের জরিপ প্রতিবেদন চূড়ান্ত করবে। তাতে যে সংখ্যা পাওয়া যাবে, তা মূল গণনাকৃত সংখ্যার সঙ্গে সমন্বয় করা হবে। তিনি জানান, এ প্রক্রিয়া শেষ হতে আরও নয়-দশ মাস সময় লাগবে।অন্য এক প্রশ্নের জবাবে বিবিএসের কর্মকর্তারা বলেন, তাঁরা স্বাধীনভাবে কাজ করেন। তথ্য বা পরিসংখ্যান দেওয়ার ব্যাপারে তাঁদের ওপর কেউ কোনো চাপ দেয় না। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের শুমারির তথ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা দেখানো হয়। কর্মকর্তারা দাবি করেন, এ ক্ষেত্রে বিবিএস আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো এ কাজে তাদের সহায়তা করছে।