ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সেল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতল অঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিনিরাপত্তা নিশ্চিত করতে ‘আদিবাসী সেল’ গঠনের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধিদল। তারা বলছে, ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত জেলাগুলোতে প্রশাসনের এই সেল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিসংক্রান্ত সমস্যা নিরসনে কাজ করতে পারবে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে গতকাল বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। নাগরিক প্রতিনিধিদল এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, এ দেশে জাতিগত সংখ্যালঘুদের সমস্যাটা ভিন্ন। অন্যায়, অবিচার, নির্যাতন, ভূমি দখল—এগুলো নিয়ে যদি সংখ্যালঘুরা মামলা-মোকদ্দমা করতে যান, তো তাঁরা নিঃশেষ হয়ে যাবেন। তাই একটা সেল করতে হবে, যার কাজ হবে আদিবাসীদের সমস্যা নিয়ে রিপোর্ট করা, পর্যবেক্ষণ করা।
সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, ক্ষুদ্র জাতিসত্তার ওপর আঘাতের চরিত্র পরিবর্তন হচ্ছে। আগে তাদের হত্যা করে জমি দখল করা হতো। এখন মামলা-মোকদ্দমা দিয়ে তাদের শেষ করে দেওয়া হচ্ছে। আদিবাসী-অধ্যুষিত প্রতিটি জেলা প্রশাসন অফিসে একজন ম্যাজিস্ট্রেটের সমমর্যাদার কর্মকর্তা দিয়ে একটি সেল গঠন করার দাবি জানিয়েছেন তিনি।
১৩ সদস্যের একটি নাগরিক প্রতিনিধিদল ১৭ মার্চ বরগুনা ও পটুয়াখালী জেলায় রাখাইন জনপদ সরেজমিন পরিদর্শন করে। তিন দিনব্যাপী পরিদর্শন শেষে দলটি রাখাইন জনগোষ্ঠীর বর্তমান অবস্থা ও ভূমি অধিকার নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে।
সংবাদ সম্মেলন প্রতিবেদনটি তুলে ধরে ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান বলেন, পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে রাখাইন জনগোষ্ঠীর ভূমির বড় অংশই দখল হয়েছে বাঙালিদের দ্বারা। পৌর ভবন, সাবমেরিন কেব্ল নেটওয়ার্ক ল্যান্ডিং স্টেশন, এমনকি পায়রা বন্দরের জন্যও রাখাইনরা ভূমিহীন হচ্ছে।
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশনের দাবি জানিয়ে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, রাখাইন সম্প্রদায় বিলুপ্তির পথে একটি জাতিগোষ্ঠী। শেষ সময়ে সরেজমিনে এই গোষ্ঠীর বিলুপ্তির চিহ্ন উদ্ধার করা গিয়েছে। তাদের বিলুপ্ত করে দেওয়া হচ্ছে।