‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সম্মেলন

রাজধানীর সিবিসিবি সেন্টারে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শীর্ষক জাতীয় সম্মেলন আজ শেষ হয়।

‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শীর্ষক জাতীয় সম্মেলনে অংশগ্রহণকারীরাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের ওপর সহিংতা দিন দিন বাড়ছে। তবে এই নির্যাতন ও এই সহিংসতার মধ্যেও নারীরা এগিয়ে যাচ্ছেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাজের মূল্যবোধকে এ সহিংসতা প্রতিরোধে কাজে লাগাতে হবে।

‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শীর্ষক জাতীয় সম্মেলনে এ আহ্বান জানানো হয়। আজ সোমবার রাজধানীর আসাদগেটের সিবিসিবি সেন্টারে দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়।

‘আদিবাসী নারীদের সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসুন’ এ স্লোগানে সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এবং কাপেং ফাউন্ডেশন। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা দুই দিনের সম্মেলনে একাধিক কর্মশালা সঞ্চালনা করেন। সংগঠনের আহ্বায়ক মিনু মারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্যসচিব চঞ্চনা চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের কার্যকরী কমিটির সদস্য তুলি লাবণ্য, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাদিকা হালিম  বলেন, প্রান্তিক নারীরা যাঁরা কোভিডে-১৯ মহামারিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে দেখা যায় নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অধিবেশন শেষ হয় এফ-মাইনরের নারী জাগরণীমূলক গানের মাধ্যমে।

সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ও অঞ্চলভিত্তিক আলোচনার মাধ্যমে। দ্বিতীয় দিনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের মুক্তির আন্দোলন ও সংগ্রামের ভূমিকা বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ঈশানী চক্রবর্তী। তিনি তেভাগা আন্দোলন, টংক আন্দোলন, নাচোল আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করেন।

সম্মেলনে জেন্ডার ও নারীর অধিকার এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের অধিকার রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো আলোচনা হয়। সম্মেলনের সর্বশেষ অধিবেশনে সব প্রতিনিধির অংশগ্রহণে একটি কর্মকৌশল নির্ধারণ করা হয়। কর্মকৌশলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ ও ভূমিকা পালনের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।