ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিচয় নিশ্চিত করার দাবি ইউপিডিএফের
সংবিধানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গত রোববার খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকার উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি জানানো হয়।সংগঠনটির নেতারা বলেন, ’৭২-এর সংবিধানের পুনঃপ্রবর্তন হলে বাঙালি ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠীর নাগরিকেরা কী হিসেবে পরিচিত হবে তা স্পষ্ট হওয়া দরকার। ওই সংবিধানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর পরিচয় সংকটের কারণে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত চলে। আদিবাসী ও উপজাতি শব্দের ব্যবহার সম্পর্কে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা বাতিল করারও দাবি জানান তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা, সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মিঠুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রতন চাকমা, নিরণ চাকমা প্রমুখ।