দেশের বিভিন্ন অঞ্চলে বননির্ভর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উচ্ছেদের চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে এসব জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়নও থামছে না। বিচারহীনতার সংস্কৃতির জন্যই এ পরিস্থিতি।
‘বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের’ আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মঙ্গলবার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুরের শ্রীবরদীতে গারোদের ফসল কেটে ফেলা এবং সুনামগঞ্জের তাহিরপুরে হাজং নারীর ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে এ সমাবেশ হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ বলেন, সামাজিক বনায়নের নামে শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগ গারোদের জুমের ফসল কেটে ফেলে। এতে কয়েক লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পাঁচটি পরিবার। উচ্ছেদ আতঙ্কে রয়েছে অর্ধশতাধিক গারো পরিবার। এসব পরিবারের যথাযথ ক্ষতিপূরণসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তির দাবি করেন।
অলিক মৃ বলেন, শুধু শেরপুরের ঘটনায় নয়, দেশের সিলেট, টাঙ্গাইল এবং পার্বত্য চট্টগ্রামেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উচ্ছেদের চেষ্টা চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী বলেন, দেড় বছর ধরে এ দেশের মানুষ করোনায় আক্রান্ত, দেশ বিপর্যস্ত। কিন্তু এই সময়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ওপর নির্যাতন নিপীড়ন, ভূমি দখল, নারীর ওপর সহিংসতা থেমে নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণকারীরা দ্রুত জামিন পাওয়ার কারণে দেশে এমন নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে। দেশের পাহাড় এবং সমতলে সব নারী আজ নিরাপত্তাহীনতায় রয়েছেন।
বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই বলেন, বন যেখানে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সেখানে। যখন বন বিভাগ বন রক্ষার দায়িত্ব নিল, তখন থেকে বন উজাড় হওয়া শুরু হলো। যাঁরা বনের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁরাই আজকে বন ধ্বংস করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের নামে মিথ্যা বন মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন।
বাংলাদেশ আাদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক বাদল হাজং আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য দেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বুশ নকরেক, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ হাজং, কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক গৌর কোচ, হাজং স্টুডেন্ট কাউন্সিলের নাইম হাজং প্রমুখ।