ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি সমস্যা নিরসনে জেলাভিত্তিক সেল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি সমস্যা সমাধানে প্রতিটি জেলায় ‘আদিবাসী সেল’ গঠনের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধিদল। তাঁরা বলছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত জেলাগুলোতে প্রশাসনের সহযোগিতায় এই সেল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিসংক্রান্ত সমস্যা নিরসনে কাজ করবে। 

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। নাগরিক প্রতিনিধিদল এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ১৩ সদস্যের একটি নাগরিক প্রতিনিধিদল ১৭ মার্চ বরগুনা ও পটুয়াখালী জেলায় রাখাইন অধ্যুষিত এলাকা সরেজমিন পরিদর্শন করে। তিন দিনব্যাপী পরিদর্শন শেষে দলটি রাখাইন জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, ভূমি অধিকার এবং প্রাপ্ত পর্যবেক্ষণের একটি প্রতিবেদন তৈরি করে। সংবাদ সম্মেলন প্রতিবেদনটি তুলে ধরেন ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান।
সংবাদ সম্মেলনে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, এ দেশে জাতিগত সংখ্যালঘুদের সমস্যাটা ভিন্ন। অন্যায়, অবিচার, নির্যাতন, ভূমি দখল—এগুলোর বিরুদ্ধে যদি সংখ্যালঘুরা মামলা-মোকদ্দমায় যান তো তাঁরা নিঃশেষ হয়ে যাবেন। তিনি বলেন, সংখ্যালঘু জাতিসত্তার ওপর যে আঘাত আসছে, সে আঘাতের চরিত্র পরিবর্তন হচ্ছে। আগে তাঁদের হত্যা করে জমি দখল করা হতো। এখন তাঁকে হত্যা না করে মামলা-মোকদ্দমার মাধ্যমে তাঁদের শেষ করে দেওয়া হচ্ছে। কাজেই আচরণের ধরন পরিবর্তন ঘটছে, আক্রমণের নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আগে হত্যা করা হতো, মারামারি হতো।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত প্রতিটি জেলা প্রশাসন অফিসে একজন ম্যাজিস্ট্রেটের সমমর্যাদার কর্মকর্তা দিয়ে একটি সেল গঠন করার দাবি জানান সৈয়দ আবুল মকসুদ।
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশনের দাবি জানিয়ে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, রাখাইন সম্প্রদায় বিলুপ্তির পথে থাকা একটি জাতিগোষ্ঠী। শেষ সময়ে সরেজমিনে গিয়ে এই গোষ্ঠীর বিলুপ্তির চিহ্ন উদ্ধার করা গেছে। রাখাইনদের ভূমি, শ্মশান দখল হচ্ছে। এটা ক্ষমাহীন একটা অপরাধ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।