ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের কার্যক্রম শুরু ২০১৭ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সাল থেকে প্রাক্‌-প্রাথমিক পর্যায়ে পাঁচটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের কার্যক্রম শুরু হবে।

গতকাল মঙ্গলবার মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ সহায়িকা বিষয়ক কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

সকালে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের গারো ও সাদরি জাতিগোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক অনুবাদের কাজ এখন শেষ পর্যায়ে।

মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক শামীম ইমামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, মাতৃভাষায় শিক্ষাদানের বিষয়টি পার্বত্য শান্তিচুক্তিতে রয়েছে। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না। শিক্ষক প্রশিক্ষণ সহায়িকা তৈরির উদ্যোগ গ্রহণের জন্য মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান বৃষ কেতু চাকমা।

বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য স্নেহ কুমার চাকমা বলেন, সরকার পার্বত্য চুক্তির মাধ্যমে পাহাড়ি শিশুদের মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু চুক্তির ১৮ বছরেও তা বাস্তবায়ন করছে না।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য মো. আবদুল মান্নান বলেন, প্রাক্‌-প্রাথমিক শিক্ষার স্তরটি খুবই স্পর্শকাতর। সেখানে শিশুদের অধিকার, পরিবেশ-সংস্কৃতির বিষয়গুলো দেখতে হয়। তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানান, সরকারিভাবেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় শিক্ষাদানের জন্য শিক্ষক প্রশিক্ষণ সহায়িকা তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়িকা তৈরির উদ্যোগ খুবই ভালো। তবে যখন তা বাস্তবায়ন পর্যায়ে যাবে, তখন আরও অনেক বিষয় উঠে আসবে। সে ক্ষেত্রে সরকারি কার্যক্রম বাস্তবায়নে অনেক সহায়ক হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ পারভীন বলেন, পাঁচটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় প্রাক্‌-প্রাথমিক পর্যায় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক অনুবাদ শেষ পর্যায়ে। ২০১৭ সালে মাতৃভাষায় শিক্ষাদানের কার্যক্রম শুরু করা যাবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক প্রশিক্ষণ সহায়িকার সারাংশ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরভ সিকদার। তিনি বলেন, দারিদ্র্য, ভাষার প্রতিবন্ধকতা ও দুর্গম যোগাযোগ ব্যবস্থাসহ নানা সমস্যার কারণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের ঝরে পড়ার হার ৪০ থেকে ৫০ শতাংশ। মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম শুরু করা গেলে ঝরে পড়ার হার অর্ধেকে নেমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রাঙামাটি জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী ওয়াসিউর রহমান।