ক্ষুদ্র জাতিসত্তার বর্ণাঢ্য সংস্কৃতি উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় ও সমতলে বসবাস করা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার বৈচিত্র্যময় ভাষা, জীবনাচরণ ও বর্ণাঢ্য সংস্কৃতিকে তুলে ধরতে বান্দরবানে হয়ে গেল পার্বত্য লোকজ মেলা। গতকাল শনিবার সকালে শহরের মেঘলা পর্যটনকেন্দ্রে মেলার উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। মেলার আয়োজক বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও চ্যানেল আই।

সকালে মেলার উদ্বোধন হলেও মেলার মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিকেলে শহরের রাজার মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া।

লোকজ মেলায় বিভিন্ন জনগোষ্ঠীর বৈচিত্র্যময় ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা দেখার জন্য দুপুর থেকে রাজার মাঠে ভিড় জমান হাজারো মানুষ। বেলা তিনটার আগেই কানায় কানায় ভরে ওঠে অনুষ্ঠানস্থল। রাঙামাটির সাজেক পাহাড়ের পাংখুয়া, সিলেটের মণিপুরি, রুমার খুমি, কক্সবাজারের রাখাইন, বান্দরবানের মারমা, চাকমাসহ বিভিন্ন জনগোষ্ঠী নাচে-গানে তাদের জীবনাচার, কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমি হিসেবে বান্দরবান সারা দেশের জন্যই অনন্য দৃষ্টান্ত। পার্বত্য লোকজ মেলা দেশের মূলধারার জনগোষ্ঠীর সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, এ ধরনের লোকজ মেলা রাঙামাটি ও খাগড়াছড়িতেও হওয়া উচিত। তিনি বলেন, পর্বতবাসীর কৃষ্টি-সংস্কৃতির উন্নয়ন ও সংরক্ষণের জন্য জাতিসংঘ ১১ ডিসেম্বরকে পর্বত দিবস হিসেবে ঘোষণা করেছে। পার্বত্য লোকজ মেলা পর্বত দিবসের সেই মূল চেতনাকে আরও সমুন্নত করবে।

লোকজ মেলার সমন্বয়ক আব্দুর রহমান বলেন, এবার পার্বত্য লোকজ মেলায় পার্বত্য চট্টগ্রামের ১১টি ও সমতলের ৫টি পাহাড়ি জনগোষ্ঠীর শিল্পীরা অংশ নিয়েছেন। দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা এবং জাতিগোষ্ঠীগুলোর কৃষ্টি-ঐতিহ্যকে সংরক্ষণ ও উন্নয়নের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।