ক্ষুদ্র জাতিসত্তার ভূমি রক্ষায় সরকারকেই দায়িত্ব নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনটিতে সুরক্ষা থাকা সত্ত্বেও সমতলের ক্ষুদ্র জাতিসত্তার ভূমি নানাভাবে দখল হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁরা ভূমিহারা হয়ে দেশহারা হচ্ছেন। এ ক্ষেত্রে ক্ষুদ্র জাতিসত্তার ভূমি রক্ষায় সরকারকেই দায়িত্ব নিতে হবে।

‘সমতলে আদিবাসীদের ভূমি হস্তান্তর: রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯৭ ধারার প্রয়োগ’ শিরোনামে গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। আজ বুধবার নাগরিক উদ্যোগ ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় এ বৈঠকের আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। রাজধানীর ডেইলি স্টারের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
৯৭ ধারা অনুযায়ী সুনির্দিষ্ট ২২টি ক্ষুদ্র গোষ্ঠীর জমি হস্তান্তর করতে রাজস্ব কর্মকর্তার অনুমতি লাগবে। পাশাপাশি, বিধি লঙ্ঘন করে কোনো হস্তান্তর হলে তা বাতিল হবে এবং রাজস্ব কর্মকর্তা নিজ উদ্যোগ বা আবেদনের পরিপ্রেক্ষিতে সেই জমি পুনরুদ্ধার করে নিয়ম অনুযায়ী বণ্টন করবেন।
আলোচকেরা আরও বলেন, ক্ষুদ্র জাতিসত্তা মানুষের ওপর নানাভাবে নির্যাতন করা হয়। কখনো নামমাত্র মূল্যে তাঁদের ভূমি দখল করা হয়। ভূমি দখলদারের ভূমিকায় রাজনৈতিক, প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারকেও দেখা যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে প্রশাসন ভূমি পুনরুদ্ধারের আবেদনই গ্রহণ করে না। অনেক ক্ষেত্রে তাঁরা আইনটির বিষয়ে জানেনও না। পাশাপাশি, ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের সচেতনতার অভাব ও ভয়ে অনেক সময় আইনের আশ্রয় নেন না।
সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ব্রিটিশ আমলে দেশে রাখাইন সম্প্রদায়ের এক লাখ মানুষ ছিল, সে সংখ্যা এখন দাঁড়িয়েছে আড়াই হাজারে। এর বড় কারণ তাদের ভূমি দখল। তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেও আট বছরে তা বাস্তবায়িত হয়নি।
মানবাধিকারকর্মী সুলতানা কামালের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাংসদ হাজেরা সুলতানা, শিক্ষাবিদ স্বপন আদনান, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।