ক্ষুদ্র জাতিসত্তার মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মিরাকাঠাল গ্রামসংলগ্ন সরকারি খাস খতিয়ানভুক্ত ধোবাপুকুরপাড়ে ক্ষুদ্র জাতিসত্তার শ্মশানঘাট ও মন্দিরের জমি গত শনিবার রাতে দখলের চেষ্টা করে একদল লোক। এ সময় মিরাকাঠালসহ আশপাশের গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার নারী-পুরুষেরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন।

এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে সর্বজনীন ধোবাপুকুর আদিবাসী শ্মশানঘাট ও মন্দির কমিটি। এতে কয়েকটি গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মিশন মোড় থেকে গতকাল দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। বক্তব্য দেন নাচোল আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমব্রম, আদিবাসী মুক্তি মোর্চা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ মাহাতো, জাতীয় হিন্দু মহাজোটের উত্তরবঙ্গের সভাপতি দুলাল কর্মকার প্রমুখ।

বক্তারা বলেন, শত বছর ধরে ধোবাপুকুরপাড়ের জমি শ্মশান হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি পুকুরপাড়ে মন্দির স্থাপন করে পূজা-অর্চনা করা হচ্ছে। কিন্তু রহনপুরের এক ব্যক্তি তাঁর লোকদের দিয়ে শনিবার রাতে শ্মশান ও মন্দিরে জমিতে ঘর তুলে দখলের চেষ্টা করেন। বাধা দিলে তাঁদের নারী-পুরুষের ওপর হামলা চালায় ওই লোকজন। এতে পাঁচজন আহত হন। এ সময় হামলাকারীরা নারীদের শ্লীলতাহানিও ঘটায়। বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও শাস্তি দাবি করেন।

সমাবেশ শেষে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর গাড়ি গিয়ে পুলিশ পাহারায় আহত ব্যক্তিদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদিকে গতকাল সকালে সহকারী কমিশনার (ভূমি) আসিফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি শেখ শাহিন কামাল বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছায়। পুলিশ দেখে দখলকারীরা পালিয়ে যায়।