ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ন্যায্য দাম থেকে বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জমি রক্ষার জন্য ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইন আছে। এ আইনে জমি বিক্রি করার জন্য প্রশাসনের অনুমতি নিতে হয়। এতে ন্যায্য দামে বিক্রির কথা আছে। কিন্তু একশ্রেণির চতুর লোক কৌশল করে ক্ষুদ্র জাতিসত্তার মানুষকে ন্যায্য দাম থেকে বঞ্চিত করছে।
গতকাল শনিবার বিকেলে ‘ভূমিবিষয়ক গণশুনানি’তে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুল ইসলাম এসব কথা বলেন। হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী তথ্য মেলার শেষ দিনে এর আয়োজন করা হয়। ভূমি খাতে সেবার মান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এ গণশুনানির আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ সনাকের সভাপতি সেলিনা বেগম শুনানিতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আকতার, শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক উমা চৌধুরী।
গণশুনানিতে অতিথিরা উপস্থিত মানুষের ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গণশুনানি অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর বলেন, ভূমি কার্যালয়ে রসিদ ছাড়া লেনদেন করবেন না। জমি খারিজ করার ক্ষেত্রে ১ হাজার ১৭০ টাকার বেশি না দেওয়ার আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর আরও বলেন, খারিজ করার জন্য নির্ধারিত সময় ৪৫ দিন। কিন্তু এ সময়ের আগেও খারিজ করে দেওয়ার চেষ্টা করা হবে।