ভূমির কারণে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ হত্যা এবং তাদের সহায়সম্পত্তি দখল—এ দুইয়ের পরিমাণই ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বেড়েছে। শুধু তাই নয়, এই ভূমির কারণে তাদের ঘরবাড়ি পোড়ানো, নারী নির্যাতন, লুটপাট, মিথ্যা মামলার সংখ্যাও বেড়েছে।
পার্বত্য চট্টগ্রামের চেয়ে ভূমিকেন্দ্রিক ঘটনায় সমতলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ওপর নিপীড়ন ও জমি জবরদখলের পরিমাণ বেশি। এই নৃগোষ্ঠীর মানবাধিকার-সংক্রান্ত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশনের তৈরি এই প্রতিবেদন আজ রোববার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
কাপেং ২০০৭ সাল থেকে নৃগোষ্ঠীর মানবাধিকার প্রতিবেদন তৈরি করছে। নিজস্ব অনুসন্ধান এবং সংবাদপত্রের প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী পরিচালক পল্লব চাকমা। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘২০১৬ সালে নৃগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ভূমিকে কেন্দ্র করে এ নিপীড়ন আগের বছরের চেয়ে অনেক বেড়েছে।’
কাপেংয়ের প্রতিবেদনে দেখা যায়, গত বছর ক্ষুদ্র জাতিসত্তার ১৭ জন বিভিন্ন সহিংসতায় নিহত হন। এর মধ্যে ভূমির কারণে নিহত হন ৫ জন। এর ৪ জনই সমতলের মানুষ। ২০১৫ সালে সমতল ও পাহাড় মিলিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১০ জন মানুষ বিভিন্ন সহিংসতায় নিহত হন। এর মধ্যে ভূমিকেন্দ্রিক সহিংসতায় নিহতের সংখ্যা ছিল মাত্র ১।
গত বছর ভূমিকেন্দ্রিক সবচেয়ে বড় সহিংস ঘটনা ঘটে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পুলিশ ও স্থানীয় চিনিকলের কর্মীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে ৩ জন সাঁওতাল নিহত হন। ৫০-এর বেশি আহত হন। অন্তত ১ হাজার ২০০ পরিবার এ ঘটনায় গৃহহীন হয়। পুলিশ সদস্যরা সাঁওতালদের বাড়িতে আগুন দিচ্ছেন এমন একটি ভিডিও প্রকাশ পায়। এ ঘটনায় থমাস হেমব্রম নামের এক ব্যক্তি হত্যা মামলা করেন। তবে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভূমিকেন্দ্রিক সহিংসতায় জয়পুরহাটের আক্কেলপুরে মোহনলাল পাহান ও খাগড়াছড়ির রামগড়ে মহেন্দ্র ত্রিপুরা নিহত হন।
দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার ভূমি দখলের পরিমাণ ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বেড়েছে। কাপেংয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ১৫ হাজার ৪২৯ একর জমি জবরদখল ও অধিগ্রহণ হয়। আগের বছর জবরদখল হওয়া জমির পরিমাণ ছিল সাড়ে ৬ হাজার একর। ২০১৫ সালে জবরদখল ও অধিগ্রহণ হওয়া জমির মধ্যে ৫ হাজার একরই ছিল পার্বত্য চট্টগ্রামের ভূমি। তবে গত বছর মোট জবরদখল ও অধিগ্রহণ হওয়া জমির মধ্যে ১৩ হাজার একরই সমতলের জমি।
পল্লব চাকমা বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর স্থাপনা নির্মাণ, পর্যটন, অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিভিন্ন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জমি জবরদখলের কারণ। এ ছাড়া ব্যক্তিগত রেষারেষির কারণেও এসব ঘটনা ঘটছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্পদ দখলে ৯৯ শতাংশ ক্ষেত্রে দায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বাঙালি ভূমিগ্রাসীরা।
ভূমির বিরোধে গত বছর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে ৪৫৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। এ সময় উচ্ছেদের হুমকিতে পড়ে ১ হাজার ৩৫টি পরিবার। নারী নির্যাতনের ঘটনা ঘটে ৩৭টি। ২০১৫ সালে ৩৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। উচ্ছেদেও হুমকি দেওয়া হয় ১ হাজার ৪০০ পরিবারকে। ৩ জন নারী নিপীড়নের শিকার হন।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর ভূমিকে কেন্দ্র করে বাড়তে থাকা নিপীড়নের কারণ রাষ্ট্রীয় পর্যায়ে এসব জাতির মানুষের পরিচয়কে অস্বীকার এবং তাদের প্রথাগত ভূমির অধিকারের অস্বীকৃতি। এমনটাই মনে করেন বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা রবীন্দ্রনাথ সরেন মনে করেন, সমতলে একটি পৃথক ভূমি কমিশন এখন খুবই জরুরি ভিত্তিতে দরকার। তিনি বলেন, এই কমিশনের অধীনে ট্রাইব্যুনাল নির্ধারণ করবে জবরদখলের পরিমাণ এবং ব্যক্তিকে চিহ্নিত করবে। এটা না হলে বর্তমান অবস্থা চলতে থাকলে এখানকার জাতিগোষ্ঠীর মানুষের দেশত্যাগই নিয়তি হয়ে উঠবে।
তবে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠন নিয়ে ভূমি মন্ত্রণালয়ের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই—জানালেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘ভূমিসংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা দিক এসব সংগঠন। ভূমি গ্রাসের নির্দিষ্ট খতিয়ান তুলে ধরুক। আমরা এসব সমাধানে চেষ্টা করব।’