ক্ষুদ্র জাতিসত্তার মানুষকে জানা বাঙালিদের কর্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের ভাষা, সংস্কৃতি, দুঃখ, বেদনা বোঝার চেষ্টা না করে তাদের উন্নতি করা যাবে না। বাঙালিদের কর্তব্য হচ্ছে বাংলাদেশে যারা বাঙালি নয়, তাদের জানা।

আজ রোববার ‘বাংলাদেশের চা-শ্রমিক এবং স্বল্প-পরিচিত জাতিসত্তাসমূহের উপর মানচিত্রায়ণ, গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুর রহমান এ কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এই সেমিনারের আয়োজন করে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, ‘নিজেদের দেশের মানুষ সম্পর্কে কতটুকু জানি, এটি একটি বড় প্রশ্ন। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের উন্নয়নের জন্য বাইরে থেকে সাহায্য এনে লাভ হবে না।’ তিনি বলেন, একুশের চেতনা কিছু ক্ষুদ্র জাতিসত্তার ওপর প্রভাব ফেলেছে। তারা নিজেদের উদ্যোগে নিজেদের ভাষার বর্ণমালা তৈরি করেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ক্ষুদ্র জাতিসত্তার ক্ষেত্রে সাংবিধানিকভাবে অদৃশ্যতার সমস্যা আছে। অন্যদিকে পরিসংখ্যানের দিক দিয়ে অস্পষ্টতা রয়েছে। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহায়তার ক্ষেত্রে রাষ্ট্রের নানা নিরাপত্তা কর্মসূচি আছে। এসব কর্মসূচির সুফল ক্ষুদ্র জাতিসত্তার মানুষ কতটুকু পাচ্ছে, তা খতিয়ে দেখার প্রয়োজন আছে।
দিনব্যাপী এই সেমিনারে ২৫ ভাষাভাষীর ৪২টি ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন ও ইকো কো-অপারেশনের আর্থিক সহায়তায় তিন বছরমেয়াদি গবেষণা প্রকল্প শুরু করেছে সেড। এতে ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় ও ভৌগোলিক অবস্থান নির্ণয় এবং চা-শ্রমিকদের পরিস্থিতি জানার চেষ্টা হবে।
সেমিনারের শুরুতে সেডের পরিচালক ফিলিপ গাইন বলেন, ‘চা-বাগান থেকে বেরিয়ে যেতে তার (চা-শ্রমিকের) মানা নেই। কিন্তু তার যাওয়ার কোনো জায়গা নেই। সে ভূমিহীন, সম্পদহীন এবং শিক্ষায় পিছিয়ে।’ তিনি বলেন, তিন বছর আগে চা-শ্রমিকের দৈনিক মজুরি ছিল সাড়ে ৩২ টাকা। বর্তমানে ৬৯ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন ফিলিপ জ্যাকস, ইকো কো-অপারেশনের এ দেশীয় প্রতিনিধি লিওনার্ড জেলেস্ট্রা।